সংবাদ সংক্ষেপ

আপডেট : ২২ মে ২০২১, ২১:২৭

ভাতিজার দায়ের কোপে চাচা খুন

স্টাফ রিপোর্টার, রংপুর রংপুরের বদরগঞ্জে গরুর মাংস ভাগ বাটোয়ারা নিয়ে শুক্রবার বিকালে ভাতিজার দায়ের কোপে চাচা খুন হয়েছেন। নিহতের নাম রফিকুল ইসলাম (৪৫)। উপজেলার দক্ষিণ মুকসুদপুর বানুয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাতিজা হলো হেলাল হোসেন। বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। ভাতিজা হেলাল হোসেনকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

খামারিদের মধ্যে গোখাদ্য বিতরণ

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা ফরিদপুরে গোখামারিদের মধ্যে শনিবার গোখাদ্য বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসের (ত্রাণ শাখা) পক্ষ থেকে উপজেলার ছয়টি ইউনিয়নের ৯৫ জন দুস্থ-অসচ্ছল গোখামারির মধ্যে ২৫ কেজি করে উন্নতমানের গোখাদ্য বিতরণ করা হয়। গোখাদ্য বিতরণ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান অধ্যাপক গোলাম হোসেন।

মাগুরায় কৃষক প্রশিক্ষণ

মাগুরা প্রতিনিধি মাগুরা আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে শনিবার দিনব্যাপী মসলা জাতীয় ফসলের আধুনিক উত্পাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন অধিশাখা) আব্দুর রহিম। আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মনিরুজ্জামান এতে সভাপতিত্ব করেন।

উপজেলা প্রশাসনিক ভবনের কাজ উদ্বোধন

তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোর উপজেলায় সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ শনিবার উদ্বোধন করেন রাজশাহী-১ আসনের এমপি ওমর ফারুক চৌধুরী। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে প্রশাসনিক ভবন ও হলরুম এবং বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. লুত্ফর হায়দার রশীদ ময়না, উপজেলা নির্বাহী কর্মকর্তা পংকজ চন্দ্র দেবনাথ প্রমুখ।

সংঘর্ষে এক ব্যক্তি আহত

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা কসবার শিকারপুর গ্রামে শুক্রবার রাতে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি আহত হয়েছেন। আহত সফিক মিয়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। রাতেই উভয় পক্ষ থেকে পরস্পরের বিরুদ্ধে কসবা থানায় দুইটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার বাদৈর ইউপি চেয়ারম্যান হাজী আবু জামাল খান জানান, তিনি রাতে ঢাকা থেকে এসে উভয় পক্ষকে শান্ত থাকার অনুরোধ করেছেন। কসবা থানার ওসি আলমগীর ভুঁইয়া জানান, দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় উদ্যোগে নদীর তীর সংরক্ষণ

হাতিয়া (নোয়াখালী) সংবাদদাতা মেঘনা নদীগর্ভে ইতিমধ্যে হাতিয়ার কয়েকটি ইউনিয়ন বিলীন হয়ে গেছে। এখনো ভাঙন হুমকিতে মূল ভূখণ্ডের উত্তরাংশের নলচিরা ইউনিয়ন তথা আফাজিয়া বাজারসহ বিশাল এলাকা। তাই নদীর তীর সংরক্ষণ করে ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে স্থানীয় এমপি আয়েশা ফেরদাউস, ব্যবসায়ী ও এলাকাবাসীর উদ্যোগে নিজস্ব অর্থায়নে বালুভর্তি জিও ব্যাগ ফেলার একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। প্রাথমিকভাবে নলচিরা নৌঘাটে নদী রক্ষা বাঁধ তৈরিতে ৭০০ মিটার এলাকায় জিও ব্যাগ ফেলার উদ্যোগ নিয়ে কাজ শুরু করা হয়েছে। এ লক্ষ্যে ৫১ সদস্য বিশিষ্ট ‘হাতিয়া নদী শাসন ও তীর সংরক্ষণ স্বেচ্ছাসেবী সংগঠন’ নামের একটি সংগঠন করা হয়েছে।

বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন

নাটোর প্রতিনিধি নাটোরে বিরূপ পরিবেশেও বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এ বছর নাটোরে বোরো আবাদের সময় কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জনে আশঙ্কা ছিল। তবে হাইব্রিড জাতের বোরো আবাদের পাশাপাশি উচ্চ ফলনশীল জাতের আবাদ হওয়ায় লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার বলেন, নাটোরে এ বছর বিরূপ আবহাওয়া বিরাজ করলেও হাইব্রিডের চেয়ে উফশী জাতের জিরা ধান যেটাকে নাটোরে মিনিকেট বলে সেটির ফলন বেশি হওয়ায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।