করোনা মহামারির মধ্যে খুশির বাতাস বইছে বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনের পরিবারে। আসতে চলেছে নতুন অতিথি। বিষয়টি হলো- ফুফু হতে চলেছেন মিস ইউনিভার্স মুকুট জয়ী এই অভিনেত্রী।
সুস্মিতার ভাই রাজীব সেন ইনস্টাগ্রামে এই সুখবর ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে। একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, তার স্ত্রী অভিনেত্রী চারু আসোপা সন্তানসম্ভবা। গত শুক্রবার স্ত্রীর চারুর সঙ্গে একটি ছবি দিয়েছেন রাজীব।
ক্যাপশনে তিনি লিখেছেন, ‘জীবনে আনন্দ আসছে’। এর সঙ্গে জুড়ে দিয়েছেন ‘#উইআরথ্রি’। রাজীব-চারুর দুই থেকে তিন হওয়ার খবরে উচ্ছ্বসিত অনুরাগীরাও। শুভেচ্ছা বার্তায় সিক্ত এই দম্পতি।
হবু মা চারুও দিন গুনছেন নতুন অতিথির অপেক্ষায়। তবে হবু ফুফু সুস্মিতার উত্তেজনা ইতিমধ্যেই আকাশছোঁয়া। পরিবারের থেকে দূরে থাকলেও প্রতি মুহূর্তে নিয়ে চলেছেন চারুর খোঁজ।
সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে চারু বলেছেন, সুস্মিতা খুবই আনন্দিত। ও আমাকে প্রচুর ভয়েস মেসেজ পাঠায়। সেগুলো শুনতে খুবই ভাল লাগে। ও অধীর আগ্রহে আমাদের সন্তানের জন্য অপেক্ষা করছে।
২০১৯ সালে সাত পাকে বাঁধা পড়েছিলেন রাজীব এবং চারু। তবে মাঝখানে দু’জনের সম্পর্কে ফাটলের গুঞ্জন শোনা গিয়েছিল। অতীতের সেই তিক্ততা ভুলে এখন নতুন ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা।
ইত্তেফাক/বিএএফ
