এডিস মশা প্রজননে ভূমিকা রাখলে শাস্তিমূলক ব্যবস্থা

আপডেট : ২২ মে ২০২১, ২১:৪৪

এলজিইডি মন্ত্রীর হুঁশিয়ারি

 

ইত্তেফাক রিপোর্ট

নগরবাসীকে বার বার সচেতন ও সতর্ক করার পরেও ইচ্ছাকৃতভাবে বাসাবাড়ি এবং এর আশপাশে পানি জমিয়ে রেখে এডিস মশার প্রজননে ভূমিকা রাখলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল মিরপুরে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আয়োজনে এডিস মশা এবং ডেঙ্গু-চিকুনগুনিয়া সচেতনতা বিষয়ক অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, সিটি করপোরেশনের পক্ষে বাড়িতে বাড়িতে গিয়ে মশা নিধন করা কঠিন। তাই মাঠে-ময়দানে প্রচারণা চালিয়ে মানুষকে সচেতন করা হচ্ছে। একজনের গাফিলতির কারণে পুরো সমাজ ক্ষতিগ্রস্ত হতে পারে না। আর এটি শাস্তিযোগ্য অপরাধ। তাই মশার প্রজননস্থল ধ্বংস না করলে দুই সিটি করপোরেশন থেকে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মো. তাজুল ইসলাম বলেন, দুই সিটি করপোরেশনকে মোবাইল কোর্ট পরিচালনার জন্য এরই মধ্যে ১০ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে মোবাইল কোর্ট পরিচালনা করে সবাইকে জবাবদিহিতার আওতায় আনা হবে।

পরে মন্ত্রী সাধারণ মানুষের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বেশ কয়েকটি বাড়ি পরিদর্শন করে এডিস মশার প্রজননস্থল থাকায় স্টিকার লাগিয়ে দেন। মোবাইল কোর্ট পরিচালনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ এবং নাট্য অভিনেতা চঞ্চল চৌধুরী অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।