কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার বরুড়া উপজেলার ৩ নম্বর খোশবাস উত্তর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজমুল হাসান সরদারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শুক্রবার রাতে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকায় হিউম্যান হসপিটালের সামনে তিনি হামলার শিকার হন। তাকে প্রথমে কুমিল্লা জেনারেল হাসপাতালে, পরে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হয়। পরে অবস্থার অবনতি ঘটলে গভীর রাতে তাকে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শনিবার বিকাল পর্যন্ত তিনি সেখানে চিকিত্সাধীন আছেন বলে জানা গেছে। এদিকে এ ঘটনার জন্য চেয়ারম্যানের পরিবার আসন্ন ইউপি নির্বাচনে তার প্রতিপক্ষকে দায়ী করেন এবং এ ঘটনায় স্থানীয় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
আহত চেয়ারম্যানের পারিবারিক সূত্রে জানা যায়, চেয়ারম্যানের বাবা মফিজুল ইসলাম হঠাত্ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিত্সা দিতে শুক্রবার রাতে কুমিল্লা নগরীর রেসকোর্স এলাকার হিউম্যান হসপিটালে নিয়ে আসা হয়। পরে চেয়ারম্যান ঐ হাসপাতালের সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় রাত ৮টার দিকে কয়েকজন সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় চেয়ারম্যানের সঙ্গে থাকা গোলাম কিবরিয়া ও আকবর হোসেন নামের দুই ব্যক্তির মাথায় অস্ত্র ঠেকিয়ে চেয়ারম্যান নাজমুল হাসান সরদারের মাথা কুপিয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
