নেত্রকোনায় অডিটরিয়াম নির্মাণ করবে শিল্পকলা একাডেমি

আপডেট : ২২ মে ২০২১, ২১:৪৯

বরাদ্দ ৫০ কোটি, সাংস্কৃতিক স্থবিরতা কাটার আশা

 শ্যামলেন্দু পাল, নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনার জন্য আধুনিক অডিটরিয়াম না থাকায় এখানে সাংস্কৃতিক কার্যক্রমে দেখা দিয়েছে স্থবিরতা। পৌরসভা একসময় অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ নিলেও তা মামলা-মকদ্দমার কারণে বন্ধ হয়ে যায়। এখন পৌরসভার পরিবর্তে শিল্পকলা একাডেমি বহুতল বিশিষ্ট একটি অডিটরিয়াম নির্মাণ করবে বলে জানা গেছে। এ জন্য বরাদ্দ হয়েছে ৫০ কোটি টাকা।

শিল্পকলা একাডেমি থেকে বহুতল অডিটরিয়াম ভবন নির্মিত হবে জানার পর নেত্রকোনার সাংস্কৃতিক জগতে আশার আলো দেখা দিয়েছে। এর আগে মামলার কারণে নির্মাণ প্রক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। নেত্রকোনা জেলা শহরে একটি বহুতল এবং আধুনিক অডিটরিয়াম নির্মাণের জন্য পৌরসভা, জেলা পরিষদ এবং জেলা প্রশাসন থেকে উদ্যোগ নেওয়া হলেও জায়গার অভাবে অডিটরিয়াম নির্মিত হতে পারেনি। বেশ কয়েকবার টাকাও বরাদ্দ হয়েছে এবং সেই টাকা ফেরতও গিয়েছে। 

নেত্রকোনায় সরকারি বেসরকারি কোনো অডিটরিয়াম না থাকার কারণে ১৯৭৯ সালে সরকারি অর্থায়নে মোক্তারপাড়ায় একটি অডিটরিয়াম নির্মাণ করা হয়। প্রথমদিকে এটি শিল্পকলার অধীনে থাকলেও পরে তা পৌরসভার দখলে চলে যায়। এই অডিটরিয়ামটি রক্ষণাবেক্ষণের অভাবে বিনষ্ট হয়ে যায় এবং ২০০৯ সালে এটিকে পরিত্যক্ত ঘোষণা করা হয়। এরপর থেকে নেত্রকোনা পৌর শহরে অডিটরিয়ামের অভাবে সকল প্রকার সাংস্কৃতিক কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরবর্তী সময়ে তত্কালীন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান নতুন অডিটরিয়াম নির্মাণের জন্য ২০১৪ সালে উদ্যোগ নেন এবং এজন্য ২০ কোটি টাকা বরাদ্দ করেন। কিন্তু জায়গা না পাওয়ায় অডিটরিয়াম নির্মাণ প্রকল্প পরিত্যক্ত হয়। এর পর বর্তমান জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত রায় ও অডিটরিয়াম নির্মাণের জন্য উদ্যোগ নেন, কিন্তু স্থানাভাবে তাও বাস্তবায়িত হচ্ছে না। 

পরবর্তী সময়ে শিল্পকলার জায়গা নিয়ে নেত্রকোনা পৌরসভা ও শিল্পকলার মধ্যে মামলা হলে পৌরসভার পক্ষে জজ আদালত থেকে মামলার রায় হয়। এরপর বর্তমান পৌর মেয়র নজরুল ইসলাম খান চলতি বছরের জুলাই মাসে পরিত্যক্ত মহুয়া অডিটরিয়ামটি ভেঙে নতুন আধুনিক অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ নেন। কিন্তু শিল্পকলা থেকে পুনরায় উচ্চ আদালতে মামলা হলে পৌরসভা থেকে নতুন অডিটরিয়াম নির্মাণকাজ একেবারেই বন্ধ হয়ে যায়।

গত বছর সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ হোসেন বাবু নেত্রকোনায় এসে সেখানে একটি বহুতল অডিটরিয়াম নির্মাণের জন্য ৫০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেন। নেত্রকোনা জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কাজি মো. আবদুর রহমান বলেন, শিল্পকলার আওতায় একটি বহুতলবিশিষ্ট অডিটরিয়াম নির্মাণের জন্য বর্তমানে সংস্কৃতি মন্ত্রণালয় থেকে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ভালো জায়গায় অডিটরিয়ামটি যাতে নির্মিত হয় সেজন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে। পৌরসভার জায়গাটিতে ভবন নির্মাণের জন্য আলোচনা হয়েছে। করোনার কারণে ভবন নির্মাণের কাজ আটকে আছে।  শিগিগরই অডিটরিয়াম নির্মাণের কাজ শুরু করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

নেত্রকোনা সদরের এমপি এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরুও জানান, পৌর শহরে আধুনিক অডিটরিয়াম নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নেত্রকোনা জেলা শিল্পকলা একাডেমির সাবেক সম্পাদক ও নাট্যব্যক্তিত্ব সানাওয়ার হোসেন ভুঁইয়া বলেন, একটি অডিটরিয়ামের অভাবে নেত্রকোনায় গত ১৫ বছর যাবত্ বড় ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ রয়েছে।