স্টাফ রিপোর্টার, রাজশাহী
ফিলিস্তিনের নিরপরাধ ও বেসামরিক জনগণের ওপর দখলদার ইসরাইলি বাহিনীর বর্বরোচিত বিমান হামলা ও হত্যাযজ্ঞের ঘটনার প্রতিবাদে ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শিক্ষক সমিতি। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় ‘শহীদ তাজউদ্দীন আহমদ’ সিনেট ভবনের সামনের প্যারিস রোডে আয়োজিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন।
রাবি শিক্ষক সমিতির সহসভাপতি প্রফেসর ড. মো. সাইয়েদুজ্জামান মিলনের সভাপতিত্বে এবং সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আশরাফুল ইসলাম খানের সঞ্চালনায় মানববন্ধনে প্রফেসর ড. গোলাম সাব্বির সাত্তার তাপু, শিক্ষক সমিতির নির্বাহী সদস্য প্রফেসর ড. মো. রেজাউল করিম, মোহা. সাখাওয়াত হোসেন, ড. ইফতিখারুল আলম মাসউদ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা ইসরাইলের হত্যাযজ্ঞকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে অভিহিত করে বলেন, দীর্ঘদিন ধরে ইসরাইল ফিলিস্তিনি জনগণের ভূখণ্ড দখল করে তাদের ওপরেই বর্বর হামলা ও নিপীড়ন চালাচ্ছে। এজন্য ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে হবে। একই সঙ্গে ইসরাইলের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানান তারা।
