আমরা স্বপ্নে দেখি, বাস্তবে নয়। জানি না এ স্বপ্ন কোনোদিন বাস্তবে রূপ নেবে কি না। কারণ এখানে বছরের ১২ মাসের ১১ মাসই এই দুরবস্থা থাকে। বাকি ১ মাস হয়তো ভালো থাকলেও থাকতে পারে। বর্ষা এলেই নদীর পানির স্রোতে রাস্তায় নৌকা চলে। বছরের পর বছর ধরে এরকম দুর্ভোগ সহ্য করেই চলাচল করতে হয় হাজারো মানুষকে। এ রাস্তা ব্যবহার করে কয়েক গ্রামের মানুষ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে, রাস্তাটি ঠিক করতে কেউ এগিয়ে আসেনি। গ্রামের মানুষ চায় তারা যেন ভালোভাবে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। বলছি টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলাধীন ভাররা ইউনিয়নের পশ্চিম ভূমুরিয়া (চৌহালীর উত্তর খাষকাউলিয়া, কে আর পাইলট মডেল স্কুলের উত্তর-পূর্ব দিকে কিছুদূর গিয়ে ভূমুরিয়ার দিকের রাস্তা) গ্রামের কথা। রাস্তাটি খালের মতো হয়ে যাচ্ছে! দীর্ঘ ১০/১২ বছরে রাস্তার উন্নয়নমূলক কোনো কাজই করা হয়নি। চলাচলের সময় গাড়িগুলো মাঝেমধ্যেই আটকে গিয়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা প্রতি বছরই প্রতিশ্রুতি দেন রাস্তাটি ঠিক করে দেবেন, গ্রামবাসীর স্বপ্ন পূরণ করতে। কিন্তু সেটা আজো হয়নি। তাই দিনদিন মানুষের দুর্ভোগ বাড়ছেই। সুতরাং সরকারের কাছে গ্রামবাসীর স্বপ্ন পূরণের জন্য রাস্তাটি জরুরিভাবে ঠিক করে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।
হুসাইন আহমদ
নাগরপুর উপজেলা, টাঙ্গাইল
