ছেলে হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে বৃদ্ধাকে পুড়িয়ে মারার অভিযোগ

আপডেট : ২২ মে ২০২১, ২২:১৯

কালিয়ায় ছেলের হত্যামামলার আসামিদের বিরুদ্ধে ছালেহা বেগম (৯০) নামে এক বৃদ্ধাকে পুড়িয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তিনি উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের নূরুল খন্দকারের স্ত্রী। গত শুক্রবার রাতে উপজেলার জামরিলডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের পরিবারের অভিযোগ বৃদ্ধার ছেলে আরিফ খন্দকার হত্যামামলার আসামিরা তার মাকে পুড়িয়ে হত্যা করেছে। ঘটনার পর থেকে গ্রামটিতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ছালেহার পুত্রবধূ কুলসুম বেগম জানায়, গত বছর ২৬ সেপ্টেম্বর রাতে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার পথে বৃদ্ধা ছালেহার ছেলে আরিফ খন্দকার সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হন। ঐ ঘটনায় আরিফের ভাই ইরুপ খন্দকার বাদী হয়ে একই গ্রামের আকছির মোল্যাসহ ২৩ জনকে আসামি করে একটি মামলা করে। আসামিরা জামিনে বেরিয়ে তাদের মিথ্যা মামলাসহ নানাভাবে হয়রানির চেষ্টা করে আসছে। আসামিরা গত ২০ মে ইরুপ খন্দকারসহ তার সমর্থকদের নামে কালিয়া থানায় একটি মামলা করে। পরে গ্রেফতার এড়াতে ইরুপসহ বাড়ির লোকজন পলাতক ছিলেন। এ সুযোগে ঘটনার রাতে আকছির মোল্যার নেতৃত্বে চার-পাঁচ জনের একটি দল ইরুপ খন্দকারের বাড়িতে ঢুকে বসতঘরের বারান্দায় আগুন ধরিয়ে দিলে ঘুমিয়ে থাকা পক্ষাঘাত রোগে গত প্রায় ৩ বছর যাবত্ শয্যাশায়ী থাকা তার শাশুড়ি অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।

ইরুপ খন্দকার বলেছেন, একটি মিথ্যা মামলার আসামি হওয়ার কারণে তিনিসহ তার বাড়ির পুরুষরা পলাতক ছিলেন। তাদেরকে বাড়িতে না পেয়ে তার প্রতিপক্ষ বসতঘরে আগুন দিয়ে তার মাকে পুড়িয়ে মেরেছে বলে তিনি অভিযোগ করেছেন।

নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় বলেছেন, আগুনে পুড়ে একজন অসুস্থ বৃদ্ধার মৃত্যু খুবই দুঃখজনক। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশি তত্পরতা শুরু হয়েছে। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।