হেফাজতে ইসলামের আহ্বায়ক কমিটির আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল শনিবার চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হেলাল উদ্দিনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। পরে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করে।
গত শুক্রবার রাতে হাটহাজারীর ফতেয়াবাদ বড়দীঘির পাড় থেকে তাকে গ্রেফতার করে র্যাব। পরে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়। ফারুকী হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখার প্রচার সম্পাদক।
পুলিশ পরিদর্শক হুমায়ূন কবির বলেন, হাটহাজারীতে নাশকতা মামলায় তদন্তকারী কর্মকর্তা ফারুকীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করে। তাকে আদালত থেকে হাটহাজারী থানায় নেওয়া হয়েছে।
আল্লামা শফীকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছিল দাবি করে গত বছরের ১৭ ডিসেম্বর তার শ্যালক মো. মঈনউদ্দিন চট্টগ্রামের আদালতে মামলা দায়ের করেন। এই মামলায় বাবুনগরীসহ ৪৩ জনকে আসামি করে সম্প্রতি পিবিআই আদালতে অভিযোগপত্র দিয়েছে।
