কেরানীগঞ্জে যুবকের লাশ উদ্ধার, মৃত্যু নিয়ে রহস্য

আপডেট : ২২ মে ২০২১, ২২:২০

গতকাল শনিবার মিটফোর্ড হাসপাতালের কর্মচারী কাজী মারুফ হোসেনের (৩২) রক্তাক্ত লাশ কেরানীগঞ্জের শুভাঢ্যা উত্তরপাড়া মসজিদ রোড এলাকায় তার বাসা থেকে উদ্ধার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ। যুবকের মৃত্যু নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে।

এলাকাবাসীদের অনেকে জানান, এলাকার বেশকিছু মাদকসেবি মারুফের স্ত্রী রিনা আক্তারকে উত্ত্যক্ত করে আসছে। মাদকসেবীরা সুযোগ বুঝে শুক্রবার রাতে মারুফকে অতিরিক্ত মাদক সেবন করিয়ে অচেতন করে। স্ত্রী রিনা আক্তার স্বামীকে অচেতন অবস্থায় পেয়ে ঘরে নিয়ে যায়। রাত তিনটার দিকে অজ্ঞাতনামা চার যুবক দরজা ভেঙে ঘরে ঢুকে রিনা আক্তারের মুখ বেধে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মারুফ ধর্ষকদের হাত থেকে স্ত্রীকে বাঁচাতে গেলে মাদকসেবীরা মারুফের মাথায় ও পিঠে চারপাঁচ বার আঘাত করলে মারুফ মাটিতে লুটিয়ে পড়ে। এরপর মাদকসেবীরা পালিয়ে যায়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, শনিবার দুপুরে ঘটনাস্থল থেকে কাজি মারুফের স্ত্রী সহ নয়জনকে জিজ্ঞাসাবাদ করে হত্যার মূল রহস্য উদঘাটনের জন্য তাদের থানা হেফাজত রাখা হয়েছে। পুলিশ সুরতহাল রিপোর্টশেষে লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

দক্ষিন কেরানীগঞ্জ থানার এস আই আইউব আলী জানান, মারুফের মৃত্যুটি রহস্যজনক মনে হচ্ছে। নিহতের মাথার পিছন দিকে আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (কেরানীগঞ্জ সার্কেল) শাহাবুদ্দিন কবির জানান, এ বিষয়ে শনিবার বিকালে একটি মামলা দায়ের করা হয়েছে।