ম্যাচ বাংলাদেশের জয় শ্রীলঙ্কার জয়
৪৮ ৭ ৩৯
(২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে)
g জান-ই-আলম
ঘরের মাঠে সর্বশেষ ওয়ানডে সিরিজেই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে নামার আগে সেই স্মৃতি মনে করে স্বস্তি খোঁজার সুযোগ কম টাইগারদের। কারণ বাংলাদেশ শিবির যে হারের ভারে ভারাক্রান্ত। শেষ ১০টি আন্তর্জাতিক ম্যাচে জয়শূন্য বাংলাদেশ দল। তিন ফরম্যাটে টানা ৯ হার, এক ড্রয়ের তিক্ততা ভুলতে একটি ‘জয়’ এখন সবার কাছেই প্রার্থিত।
চেনা মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের সবচেয়ে সফল সংস্করণে শ্রীলঙ্কাকে সামনে পেয়ে সেই লক্ষ্য পূরণে মুখিয়ে তামিম ইকবালের দল। গতকাল হেড কোচ রাসেল ডমিঙ্গোর কণ্ঠেও ঝরে পড়ল জয়ের রথে ফেরার তীব্র আকাঙ্ক্ষা।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আজ শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামবে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে দুপুর ১টায়। সম্প্রচার করবে টি-স্পোর্টস, গাজী টিভি ও বিটিভি। আন্তর্জাতিক ক্রিকেটে গত কয়েক মাসের বাজে সময় ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া বাংলাদেশ। ডমিঙ্গো বলেছেন, ‘আমরা একটা খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলাম। কিন্তু আমাদের গত কয়েক মাসের ভুল থেকে শিখতে হবে। অতীতের দিকে তাকিয়ে থাকার কোনো যুক্তি নেই। আমাদের সামনে তাকাতে হবে। আমরা যদি কালকের (আজ) ম্যাচে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারি, তাহলে জয়ের সুযোগ সৃষ্টি হবে।’
হোম সিরিজে বাংলাদেশকে সাহস যোগাতে পারে ওয়ানডেতে ঘরের মাঠের অতীত রেকর্ডই। ২০১৫ বিশ্বকাপের পর দেশের মাটিতে শুধু ইংল্যান্ডের (২০১৬ সাল) সঙ্গে ওয়ানডে সিরিজ হেরেছিল টাইগাররা।
বাংলাদেশ-শ্রীলঙ্কাকে কাছাকাছি মানের দলই মনে করেন ডমিঙ্গো। তার মতে, হোম কন্ডিশন বলে কিছুটা এগিয়ে থাকবে তামিম বাহিনী। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে গতকাল প্রোটিয়া এ কোচ বলেছেন, ‘আমার মনে হয়, দুটি দল সমান সামর্থ্যের দল। আমার ধারণা, আন্তর্জাতিক ক্রিকেটে ঘরের মাঠের সুবিধা অনেক বড় বিষয়। আমরা সবসময় ফেবারিট হিসেবেই শুরু করব। আমরা শ্রীলঙ্কাকে ছোট করে দেখতে পারব না। ওদের কয়েক জন খুবই ভালো ক্রিকেটার আছে, যারা নিজেদের প্রমাণ করতে মুখিয়ে থাকবে।’ ডমিঙ্গো বলেছেন, ম্যাথুস-চান্দিমালরা না থাকলেও শ্রীলঙ্কার তরুণ দলটা আক্রমণাত্মক ক্রিকেট খেলবে।
বাংলাদেশের একাদশে আজ তিন পেসারও দেখা যেতে পারে। সাকিব ফেরায় স্পিন বিভাগ শক্তিশালী হয়েছে। মাহমুদউল্লাহ বোলিং শুরু করায় স্পিনিং অপশন বেড়েছে। সাকিবের ফেরা নিয়ে ডমিঙ্গো বলেছেন, ‘সাকিবকে ফিরে পাওয়াটা দারুণ। গত এক বছর ওকে খুব বেশি পাইনি। ওকে খেলা কঠিন। তার অভিজ্ঞতা দলকে উজ্জীবিত করবে।’
আজ ম্যাচের জন্য প্রস্তুত করা হয়েছে শেরেবাংলার ২ নম্বর উইকেট। ব্যাটিং সহায়ক উইকেটই প্রত্যাশা করছেন ডমিঙ্গো। গতকাল বলেছেন, ‘আমি মনে করি, ওয়ানডে ক্রিকেটের উইকেট সাধারণত ভালো হয়, যা ব্যাটসম্যানদের সাহায্য করে। আমি ভালো উইকেটই আশা করছি।’
