২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৭৩ হাজার ৪৮৩ টাকা
ইত্তেফাক রিপোর্ট
দুই সপ্তাহের ব্যবধানে দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। প্রতি ভরিতে ২ হাজার ৪১ টাকা করে বেড়েছে। এতে ২২ ক্যারেটের ভরিপ্রতি সর্বোচ্চ দাম দাঁড়িয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। এর আগে গত ১০ মে ভরিতে স্বর্ণের দাম ২ হাজার ৩৩৩ টাকা বাড়ানো হয়। ফলে চলতি মাসে দুদফায় ভরিতে স্বর্ণের দাম বাড়ানো হলো ৪ হাজার ৩৭৪ টাকা। আর রবিবার থেকে নতুন দামে বিক্রি শুরু হবে অলংকার তৈরির এ ধাতু। বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২২ ক্যারেটের প্রতি ভরির (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম নির্ধারণ করা হয়েছে ৭৩ হাজার ৪৮৩ টাকা। গতকাল পর্যন্ত এ মানের স্বর্ণের দাম ভরিপ্রতি ৭১ হাজার ৪৪২ টাকা ছিল। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয়েছে ৭০ হাজার ৩৩৪ টাকা। আগে ছিল ৬৮ হাজার ২৯৩ টাকা করে। একইভাবে ১৮ ক্যারেটের ভরির দাম বেড়ে দাঁড়িয়েছে ৬১ হাজার ৫৮৬ টাকায়। আগে এ মানের স্বর্ণের ভরিপ্রতি দাম ছিল ৫৯ হাজার ৫৪৫ টাকা। সনাতন পদ্ধতিতে স্বর্ণ প্রতি ভরির দাম ছিল ৪৯ হাজার ২২২ টাকা। নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ২৬৩ টাকা। এদিকে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। হলমার্ককৃত ২২ ক্যাডমিয়ামের প্রতি ভরি রুপার বিক্রিমূল্য ১ হাজার ৫১৬ টাকা। এছাড়া ২১ ক্যাডমিয়ামের রুপা ১ হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যাডমিয়ামের রূপা ১ হাজার ২২৫ টাকা করে বিক্রি হচ্ছে। আর সনাতন পদ্ধতির রুপার প্রতি ভরির বাজারদর ৯৩৩ টাকা।
বাজুসের সভাপতি এনামুল হক খান ও সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট ও নানা জটিল সমীকরণের কারণে বিশ্ব বাজারে স্বর্ণের দাম বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ থাকা ও আমদানি পর্যায়ে শুল্ক জটিলতার (উপকরণ কর রেয়াত) কারণে দেশীয় গোল্ড ডিলাররা চাহিদার বিপরীতে স্বর্ণবার আমদানি করতে না পারার কারণে দেশীয় বুলিয়ন/পোদ্দার মার্কেটে স্বর্ণের মূল্য বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুস দেশের বাজারে স্বর্ণ ও রৌপ্যের নতুন মূল্য নির্ধারণ করেছে।
