ভ্যাট ও ট্যাক্সের হার সরল হতে হবে

আপডেট : ২২ মে ২০২১, ২২:২৯

শিল্পায়ন ও পুঁজিবাজার উন্নয়নে বরাদ্দ বাড়ানোর আহ্বান আইসিএমএবির

ইত্তেফাক রিপোর্ট

আসছে ২০২১-২২ অর্থবছরের বাজেটে খাদ্য, কৃষি, চিকিত্সা ও স্বাস্থ্য নিরাপত্তা, জাতীয় দুর্যোগ মোকাবিলা, শিল্পায়ন ও পুঁজিবাজার উন্নয়নে বরাদ্দ বাড়ানোর আহ্বান জানিয়েছে ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি)। পাশাপাশি তৈরি পোশাক শিল্পে বিশেষ সুবিধা প্রদান, পরিবহন ও বিমান শিল্পে বিশেষ সুবিধা প্রদানের জন্য বাজেটে ব্যয় বৃদ্ধির প্রস্তাব করা হয়।

আইসিএমএবি আয়োজিত জাতীয় বাজেট ২০২১-২২ পূর্ববর্তী আলোচনা ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান এতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. আতিউর রহমান, জার্মানিতে বাংলাদেশের অ্যাম্বাসেডর এবং সাবেক এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া, এনবিআরের সাবেক সদস্য মো. ফরিদ উদ্দিন এবং সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সম্মাননীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান আলোচক হিসেবে এই ওয়েবিনারে অংশ নেন। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য রঞ্জন কুমার ভৌমিক এবং কাস্টমসের অতিরিক্ত কমিশনার কাজী মোহাম্মদ জিয়াউদ্দিন জাতীয় বাজেটের ওপর প্রবন্ধ উপস্থাপন করেন। আইসিএমএবির ভাইস প্রেসিডেন্ট মো. মামুনুর রশীদ ওয়েবিনারটি সঞ্চালনা করেন।

আসন্ন বাজেট নিয়ে আলোচনায় বক্তরা বিভিন্ন বিষয়ের ওপর গুরুত্ব আরোপ করেছেন। এনবিআরের ডিজিটাইজেশন, ট্যাক্স রিফর্ম, নারী উদ্যোক্তা এবং ডিজিটাল উদ্যোক্তাদের প্রণোদনা, ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে আরো প্রণোদনা প্রদান, স্বাস্থ্য প্রণোদনা, স্বাস্থ্য বিমা, কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেন। আইসিএমএবির প্রস্তাবনায় বলা হয়, ভ্যাট ও ট্যাক্সের হার সরল হতে হবে। কাস্টমসকে আধুনিকীকরণ করতে হবে। বাজেট প্রস্তাবনায় উল্লেখ করা হয়, বর্তমানে কোম্পানিসমূহ তাদের বার্ষিক রিটার্ন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের প্রত্যয়নসহ পেশ করে থাকেন। ফলে কস্ট অব গুডস ম্যানুফ্যাক্সারড অথবা কস্ট অব গুডস সোল্ড অথবা  কস্ট অব  সেলস স্টেটমেন্টস ভারটিক্যালি অ্যান্ড হরিজেন্টলি পরীক্ষা করা সম্ভব হয় না।

বিদ্যমান ট্যাক্স ও ভ্যাট অডিট এর ক্ষেত্রে  পেশাগত নিরীক্ষক (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট/কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট) দ্বারা নিরীক্ষা করানো যেতে পারে। ডিপোজিট পেনশন স্কিমের বিনিয়োগ রেয়াত সুবিধা ৬০ হাজার থেকে ১ লাখ ২০ হাজার টাকা বৃদ্ধি করা, মূল্য সংযোজন কর বিষয়ে অন্যূন সাত বত্সরের অভিজ্ঞতাসম্পন্ন আইনজীবী বা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের সঙ্গে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট অন্তর্ভুক্তিকরণের সুপারিশ করা হয়।