করোনার ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর চীনা টিকা

আপডেট : ২২ মে ২০২১, ২৩:৫২

চীনের উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকা ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও কার্যকর। চায়নিজ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) বিশেষজ্ঞ শাও ওয়াইমিং সম্প্রতি বেইজিংয়ে বলেন, প্রাথমিক গবেষণায় দেখা গেছে, চীনে ব্যবহূত করোনার টিকাগুলো করোনা ভাইরাসের এই ভ্যারিয়েন্টের সংক্রমণের বিরুদ্ধে একটি নির্দিষ্ট মাত্রায় সুরক্ষা দিতে সক্ষম। তবে ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে চীনের কোন কোন টিকা কার্যকর, সে ব্যাপারে বিস্তারিত কিছু বলেননি তিনি।

রয়টার্সের খবরে বলা হয়েছে, গত সপ্তাহে চীনের বিশেষজ্ঞরা বলেন, করোনার ভারতীয় ভ্যারিয়েন্টে সংক্রমিত হওয়ার অন্তত ১৮টি ঘটনা চীনে ধরা পড়েছে। শাও বলেন, করোনার ভারতীয় ধরনের ওপর চীন বিশেষ নজর রাখছে। এ নিয়ে গবেষণা চলছে ও তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ চলছে। বার্তা সংস্থাগুলোর খবর অনুযায়ী, চীনে করোনার সংক্রমণ রোধে পাঁচটি টিকার প্রয়োগ হচ্ছে। বুধবার পর্যন্ত প্রায় ৪৫ কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। চলতি মাসের শুরুর দিকে চীনের সিনোফার্মের টিকার জরুরি ব্যবহারের সবুজ সংকেত দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ফলে বিশ্বব্যাপী এই টিকা সরবরাহের বিষয়টি অনুমোদন পাচ্ছে।