করোনার ভারতীয় ধরনের বিরুদ্ধে ফাইজার-বায়োএনটেকের টিকার দুই ডোজ ৮৮ শতাংশ কার্যকর বলে উল্লেখ করেছেন ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা। একটি গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। এতে আরো জানা গেছে, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিন এই ধরনের বিরুদ্ধে ৬০ শতাংশ কার্যকর। রবিবার (২৩ মে) এখবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, এই তথ্য একটি অভূতপূর্ব ব্যাপার। তিনি আশা প্রকাশ করেন, সরকার পরবর্তী মাস থেকে বিধিনিষেধ আরও শিথিল করতে সক্ষম হবে। প্রতিবেদনে বলা হয়, পাবলিক হেলথ ইংল্যান্ড (পিএইচই) তাদের গবেষণায় দেখেছে যে, ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দুই সপ্তাহ পর তা ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭.২ এর বিরুদ্ধে ৮৮ শতাংশ কার্যকর হয়।
ব্রিটেনে পাওয়া ‘কেন্ট’ ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই কার্যকারিতা ছিল ৯৩ শতাংশ। পিএইচই আরও জানায়, অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের দুটি ডোজ ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৬০ শতাংশ কার্যকর। আর কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে এই ভ্যাকসিন ৬৬ শতাংশ কার্যকর। পিএইচইর তথ্যমতে, দুটি ভ্যাকসিনেরই প্রথম ডোজ ভারতীয় ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৩৩ শতাংশ কার্যকর। আর কেন্ট ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ৫০ শতাংশ।
ইত্তেফাক/এসএ
