কাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে ট্রেন, টিকিট অনলাইনে

আপডেট : ২৩ মে ২০২১, ১৫:০৭

দেশে করোনাভাইরাসের সংক্রমণ রোধে চলমান বিধিনিষেধ শেষ হচ্ছে আজ রবিবার। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় বিধিনিষেধের মেয়াদ আগামী ৩০ মে পর্যন্ত বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। তবে বিধিনিষেধ বাড়লেও অর্ধেক যাত্রী নিয়ে এ সময় চলাচল করতে পারবে আন্তঃজেলাসহ সবধরনের গণপরিবহন। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ৩০ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হচ্ছে। আগামীকাল থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে দূরপাল্লার বাস, ট্রেন ও লঞ্চ। তবে সেক্ষেত্রে জনগণকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 

এ বিষয়ে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন গণমাধ্যমকে বলেন, সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে ট্রেন চলাচল শুরু হবে। করোনার কারণে এক আসন ফাঁকা রেখে টিকিট বিক্রি করা হবে। ৫০% শতাংশ টিকিট বিক্রি হবে। তবে কাউন্টারে কোনো টিকিট পাওয়া যাবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে। শুরুতে ২৮ জোড়া ট্রেন চলাচল করবে। এরপর ধীরে ধীরে পরিধি বাড়ানো হবে।

সারাদেশে গত ৫ থেকে ১২ এপ্রিল পর্যন্ত সাতদিনের বিধিনিষেধ আরোপ করা হয়। সেই বিধিনিষেধ আরও দুদিন চলার পর ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ শুরু হয়। তবে করোনা সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হওয়ায় বিধিনিষেধের মেয়াদ ২৮ এপ্রিল মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়। পরিস্থিতির উন্নতি না হওয়ায় ২৮ এপ্রিল আবারও বিধিনিষেধ বাড়িয়ে করা হয় ৫ মে পর্যন্ত। এরপর গত ৩ মে মন্ত্রিপরিষদের বৈঠকে আবারও বিধিনিষেধ বাড়িয়ে ১৬ মে এবং পরে তা ২৩ মে পর্যন্ত বহাল রাখার সিদ্ধান্ত হয়। সেই বিধিনিষেধ আরও এক সপ্তাহ বাড়লো।

ইত্তেফাক/জেডএইচডি