এই পৃথিবীর সবচেয়ে ভালো
মানুষটির সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো।
—মাহিয়া মাহী
আইনগত প্রক্রিয়া শুরু হবে আগামী কিছুদিনের মধ্য। যেহেতু টাকা-পয়সাসহ অনেক বিষয় আছে। আমরা চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখতে। কিন্তু সম্ভব হলো না।
—পারভেজ মাহমুদ অপু
g বিনোদন রিপোর্ট
অবশেষে বিচ্ছেদের খবরটি স্পষ্ট হলো। ‘স্পষ্ট’ শব্দটি এ কারণেই উল্লেখ্য যে, গত কয়েক মাস ধরেই বিচ্ছেদ-সেপারেশনের গল্পে মাহিয়া মাহীর নামটি নানা মুখে শোনা যাচ্ছিল। কিন্তু গণমাধ্যমের কাছে বরাবরই অস্বীকার বা কোনো মনোমালিন্য নেই এসব বলছিলেন এই জনপ্রিয় চিত্রনায়িকা।
তবে বর্তমান সত্য হলো চিত্রনায়িকা মাহিয়া মাহী আলাদা হয়ে গেছেন স্বামীর কাছ থেকে। বিগত কিছুদিন থেকে তারা আলাদা থাকছেন।
উল্লেখ্য, ২০১৬ সালে তার বিয়ে হয়েছিল সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুর সঙ্গে। গতকাল সকালে মাহিয়া মাহী নিশ্চিত করেছেন আলাদা থাকার বিষয়টি।
পারভেজ মাহমুদ অপু বলেন, ‘গত কয়েক মাস ধরে আমাদের মাঝে একটু ঝামেলা হচ্ছে। তাই আমরা আলাদা থাকছি। দুই পরিবারের মতামতের ভিত্তিতে আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। ডিভোর্সের বিষয়ে আইনগত প্রক্রিয়া শুরু হবে আগামী কিছুদিনের মধ্য। যেহেতু টাকা-পয়সাসহ অনেক বিষয় আছে। আমরা চেষ্টা করেছিলাম সংসার টিকিয়ে রাখতে। কিন্তু সম্ভব হলো না। কিন্তু কেউ কাউকে দোষ দিতে চাই না। ভাগ্যে এটাই হয়তো লেখা ছিল। আর কিছু বলতে চাই না এই মুহূর্তে।’
উল্লেখ্য, কয়েকমাস আগেই মাহিয়া মাহী তার শ্বশুরবাড়ির পরিবেশ ও শ্বশুরবাড়ির আত্মীয়দের ভিডিও তৈরি করেন। সেই ভিডিওটি ভাইরালও হয়। ঠিক তার ক’মাস বাদেই এই সংবাদটি শুনতে হলো।
গত শনিবার ২২ মে দিবাগত রাতে স্বামীর সঙ্গে বিচ্ছেদের বিষয়টি স্পষ্ট করে সামজিক যোগাযোগ মাধ্যমে একটা স্ট্যাটাস দেন মাহিয়া মাহী। সেখানে তিনি শ্বশুরবাড়ির লোকজনের কাছে ক্ষমাও চান এ সম্পর্ক ধরে না রাখতে পেরে।
মাহী লিখেছেন, ‘এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটির সঙ্গে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।’ বলার অপেক্ষা রাখে না এখানে তিনি ‘ভালো মানুষ’ হিসেবে দাবি করেছেন তার স্বামী পারভেজ মাহমুদ অপুকে।
তিনি আরো লেখেন, ‘পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনাম শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও। তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।’
উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ মে বিয়ে হয় তাদের। বিয়ের ৫ বছরে আলাদা হয়ে গেলেন তারা।
