বিনোদন ডেস্ক
মাত্র ৭ বছরের বলিউড ক্যারিয়ারে কৃতি শ্যানন যে, নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন এটা বলার অপেক্ষা রাখে না। করোনায় সবকিছুতে স্থবিরতা এলেও মুক্তির অপেক্ষায় রয়েছে তার বিগ বাজেটের ৭টি সিনেমা। এর মধ্যে অক্ষয় কুমারের সঙ্গে ‘বচ্চন পাণ্ডে’, প্রভাসের সঙ্গে ‘আদি পুরুষ’, টাইগার শ্রফের সঙ্গে ‘গণপথ’, বরুণ ধাওয়ানের সঙ্গে ‘ভেদিয়া’ ও রাজকুমার রাওয়ের সঙ্গে ‘হুম দো হামারে দো’ সিনেমাগুলোতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে তাকে। ক্যারিয়ারে এমন প্রাপ্তি প্রসঙ্গে কৃতি বলেন, ‘এই বছরটি আমার জন্য বিশেষ কিছু। করোনাসহ নানা প্রাকৃতিক কারণে কাজে ব্যাঘাত ঘটলেও বিগ বাজেটের ৭টি সিনেমা শেষ করতে পেরেছি। শুরু থেকেই বলিউডে আমার গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল এটা আমি অনুভব করতে পারতাম। তাই নিজেকে প্রমাণ করতে খুব বেশি সময় লাগেনি। তবে কাজ ছাড়া বলিউড গ্রহণ করে না এটা মনে রেখেই পরিশ্রম করেছি।’ দীর্ঘ ক্যারিয়ারে নিজের পছন্দের চরিত্র নিয়ে তেমন মন্তব্য করতে দেখা যায়নি কৃতিকে। তবে এতদিন পর এসে নিজের অভিনয় দক্ষতা নিয়ে কথা বললেন তিনি। কৃতি বলেন, ‘আমি কখনো অভিনয় করিনি এমন চরিত্র খুঁজতাম। আমি এখানেও সৌভাগ্যবান যে, বিভিন্ন ঘরানার চরিত্রে কাজের সুযোগ পেয়েছি। এতে শুধু নিজে নয়, আমার দর্শদেরও প্রত্যাশা পূরণ করতে পেরেছি। আমি মনে করি, আমার সব ধরনের চরিত্রে অভিনয় করার যোগ্যতা রয়েছে।’
