ভুট্টাখেতের জালে আটকা পড়ল অজগর!

আপডেট : ২৩ মে ২০২১, ২১:০১

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

পাটগ্রামে রবিবার দুপুরে কৃষক লুতু মিয়ার ভুট্টাখেতের জালে ছয় ফুট লম্বা একটি অজগর সাপ আটকা পড়ে। তিনি সাপটি উদ্ধার করে বাড়িতে এনে লোহার খাঁচায় রাখেন। পরে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সাপটি উদ্ধার করে। স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বুড়িরবাড়ি গ্রামের ভারতীয় সীমান্ত লাগোয়া এলাকার নিজ ভুট্টাখেত দেখতে যান কৃষক লুতু মিয়া। এ সময় ভুট্টাখেতে ঘেরা আইলে ব্যবহূত জালে আটকা পড়া অজগর সাপ দেখতে পান তিনি। পাটগ্রাম প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা (এলিও) আখিরুজ্জামান শামীম বলেন, সম্ভবত ভারতের সীমান্তবর্তী জঙ্গল থেকে অজগর সাপটি খাবারের সন্ধানে এসে ভুট্টাখেতের জালে আটকে যায়। পাটগ্রাম উপজেলা ফরেস্টার আবদুর রহমান বলেন, অজগর সাপটি পার্শ্ববর্তী হাতীবান্ধা উপজেলার দইখাওয়া নওদাবাস সংরক্ষিত শালবনে অবমুক্ত করা হবে। সাপটি প্রায় ছয় ফুট লম্বা ও তিন-চার কেজি ওজনের হবে। এর আগে একই ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে গত বছরের জুলাই মাসে আরো একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছিল।