বিজয়নগরে হাওর থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বিজয়নগরে হাওর থেকে অজ্ঞাত এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুর ১টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের বিলের সামনের হাওরের জমি থেকে বৃদ্ধার (৮০) লাশ উদ্ধার করা হয়। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আতিকুর রহমান বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে হাওরের জমি থেকে বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি এবং শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে এবং তদন্ত শেষে ঘটনা জানা যাবে।
ধানখেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা শাহজাদপুরে ধানের খেত থেকে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে উপজেলার বেলতৈল ইউনিয়নের গুপিনাথপুর গ্রামের ধানখেত থেকে উদ্ধার করা লাশের পরিচয় পাওয়া যায়নি। তবে এলাকাবাসী ধারণা করছে নিহত যুবক চরবেলতৈল গ্রামের মৃত শামসুল হকের ছেলে আব্দুর রহমান (৩৮)। এদিকে আব্দুর রহমান চার দিন ধরে নিখোঁজ রয়েছে। এজন্য গত ২০ মে তার বড় ভাই মো. শাহজাহান আলী শাহজাদপুর থানায় সাধারণ ডায়ারি করেছেন। এ ব্যাপারে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান জানান, অর্ধগলিত লাশ হওয়ায় পরিচয় নিশ্চিত করা যাচ্ছে না। যাচাই-বাছাই করে লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
গুরুদাসপুরে দুই ইউপির বাজেট ঘোষণা
গুরুদাসপুর (নাটোর) সংবাদদাতা গুরুদাসপুরের দুই ইউনিয়নের ২০২১-২২ অর্থবছরের উন্মুক্ত বাজেট রবিবার ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ধারাবারিষা ইউনিয়ন পরিষদের ৩ কোটি ৬০ লাখ ৩৮ টাকার বাজেট পেশ করেন চেয়ারম্যান আব্দুল মতিন। অন্যদিকে মশিন্দা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ২ কোটি ৮৭ লাখ ২ হাজার ৩২১ টাকার বাজেট পেশ করেন চেয়ারম্যান প্রভাষক মো. মোস্তাফিজুর রহমান।
রাস্তার দুই পাশে গাছের চারা রোপণ উদ্বোধন
নওগাঁ প্রতিনিধি নওগাঁ পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সব লোকাল রাস্তার দুই পাশে শোভাবর্ধন করতে কৃষ্ণচূড়া, ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ কার্যক্রম রবিবার উদ্বোধন করা হয়েছে। সাংবাদিক মাহমুদুন নবী বেলালের নিজ উদ্যোগে এ চারা রোপণ করা হচ্ছে। শহরের কেডির মোড়ে কার্যক্রম উদ্বোধন করেন জেলা ও দায়রা জজ এ কে এম শহীদুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি হিসেবে চারা রোপণ করেন সাবেক এমপি শাহীন মনোয়ারা হক, বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান রঞ্জু প্রমুখ।
ইতনার গণহত্যা দিবস পালিত
লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা লোহাগড়ায় ১৯৭১ সালের ২৩ মে, ইতনা গ্রামে গণহত্যায় শহিদদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ইতনা মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের উদ্যোগে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ্য কুমার সরকারের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শহিদ হাফিজুল হক হিরু মিয়ার ছোট ভাই সমসেরুল ইসলাম সামু, ইতনা ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী আকবার হোসেন প্রমুখ।
০
