স্পোর্টস রিপোর্টার
২০১৯ সালে অক্টোবরে কলকাতায় সল্ট লেকের মাঠে বিশ্বকাপ বাছাইয়ের খেলায় ভারতের বিপক্ষে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন সাদ উদ্দিন। এবারও সেই ফুটবলার কাতারে গিয়ে ভালো করতে চেয়েছিলেন; কিন্তু ইনজুরির কারণে সাদ আজ ফুটবল দলের সঙ্গে সৌদি আরব যেতে পারছেন না। দলের ম্যানেজার ইকবাল হোসেন বললেন, সাদ ইনজুরির কারণে ম্যাপ ছেড়েছেন। তার হাঁটুতে চোট আছে। এটি আগেই ছিল কিন্তু ইনজেকশন দিয়ে খেলছিলেন। এখন একটু বেড়ে যাওয়ায় এমআরআই করা হয়েছে। তাতে দেখা গেছে সাদ যদি মাঠে নামেন তাহলে তার চোটের জায়গায় ঝুঁকি বেড়ে যাবে। তাই ঝুঁকি নিতে চাইছেন না।’
সাদ দলে না থাকায় জাতীয় দলের শক্তি আরো কমে গেল। আক্রমণভাগে এই ফুটবলার থাকলে জাতীয় দলের জন্য বিরাট সুবিধা হতো। দলের কোচ জেমির জন্য অসুবিধাই হয়ে গেল। কীভাবে এই এটিকে পূরণ করবেন সেটি নিয়ে কোচের দুশ্চিন্তা থাকলেও এখন আর কিছু করার নেই।
ফরোয়ার্ডের আরেক ফুটবলার ইব্রাহিম আজ দলের সঙ্গে বিমানে উঠছেন না। তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাকে রেখেই অন্যরা চলে যাবেন। এরই মধ্যে ইব্রাহিম যদি করোনা নেগেটিভ হন তাহলে তিনি ৩০ মে কাতারে দলের সঙ্গে যোগ দেবেন।
এর আগে দলের গোলকিপার আশরাফুল ইসলাম রানা ক্যাম্পে এসেও বিদায় নিয়ে গেছেন ইনজুরির কারণে। তারও আগে স্ট্রাইকার নাবীব নেওয়াজ জীবন ইনজুরির কারণে দলে ডাক পাননি। তবে একটা বিষয় খুব চোখে পড়ল। আবাহনীর গোলকিপার সোহেল লিগের একাধিক ম্যাচে মাঠের বাইরে ছিলেন।
খোঁজ নেওয়া হলে ক্লাব থেকে জানা যায়, ইনজুরির কারণে সোহেল বেঞ্চে আছেন। অথচ জাতীয় দলে ঠিকই থাকছেন গোলকিপার সোহেল।
