রোমাঞ্চকর লা লিগা দেখাল ফুটবলের সৌন্দর্য

আপডেট : ২৩ মে ২০২১, ২১:০৯

স্পোর্টস ডেস্ক

কম নাটকীয়তা হয়নি এবারের স্প্যানিশ লিগ মৌসুমে। শুরুতে অ্যাটলেটিকো মাদ্রিদের এক তরফা দাপট। এরপর রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার দারুণভাবে ফিরে আসা। মৌসুমের অন্তিম পর্যায়ে বার্সা রেস থেকে ছিটকে গেলে মাদ্রিদের দুই ক্লাব শেষ রাউন্ডে শিরোপা লড়াইয়ে নামে। যার নিষ্পত্তি হয়েছে শনিবার রাতে। পরতে পরতে রোমাঞ্চের জন্ম দিয়ে যেখানে শেষ হাসি হেসেছে সুয়ারেজ-ফেলিক্সরা। ফুটবলের সৌন্দর্য ছড়িয়ে ছয় মৌসুম পর লা লিগার শিরোপা আবার গেছে অ্যাটলেটিকোর ঘরে।

লিগের শেষ রাউন্ডে শিরোপা ধরে রাখতে রিয়ালকে ভিয়ারিয়ালের বিপক্ষে জিততেই হতো। সঙ্গে তাকিয়ে থাকতে হতো অ্যাটলেটিকোর দিকেও। কেননা ভায়াদোলিদের বিপক্ষে অ্যাটলেটিকো কোনোরকমে পয়েন্ট হারালেই ৩৫তম লিগ শিরোপা ঘরে তুলতে পারত লস ব্লাঙ্কোরা। তবে রিয়ালের সেই আশা পূরণ হয়নি। দ্বিতীয় বিভাগে নেমে যাওয়া ভায়াদোলিদের বিপক্ষে পিছিয়ে থেকেও ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অ্যাটলেটিকো, জেতে ১১তম লিগ শিরোপা। 

চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে অ্যাটলেটিকো, রিয়াল, বার্সা, সেভিয়া।

ইউরোপা লিগ খেলবে রিয়াল সোসিয়েদাদ ও রিয়াল বেতিস

দ্বিতীয় বিভাগে অবনমিত হয়েছে হুয়েস্কা, ভায়াদোলিদ ও এইবার