স্পোর্টস রিপোর্টার
লিটন দাসের ব্যাটিং নিয়ে সংবাদ সম্মেলনে অধিনায়ক তামিম ইকবালের আশাবাদ সিরিজের প্রথম ম্যাচেই আলোর মুখ দেখলো না। ব্যাট হাতে বাজে ফর্মের বৃত্ত ভাঙতে পারেননি লিটন। গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসের দ্বিতীয় ওভারেই চামিরার তীব্র গতির বলে ড্রাইভ খেলতে গিয়ে স্লিপে ক্যাচ দেন তিনি। ৩ বল খেলেও রানের খাতা খুলতে পারেননি।
ওয়ানডে ক্যারিয়ারে ৪৩ ম্যাচে ৭ বার শূন্য রানে ফিরলেন লিটন। প্রবাদের লাকি সেভেন গতকাল আনলাকি হয়েই ধরা দিল ডানহাতি এ ব্যাটসম্যানের ক্যারিয়ারে। বাংলাদেশের পক্ষে ওয়ানডেতে সর্বোচ্চ ১৮ বার করে ‘ডাক’ মেরেছেন তামিম ইকবাল ও হাবিবুল বাশার সুমন। ১৫ বার শূন্য রানে আউট হয়েছেন মাশরাফিও। গতকালকের ম্যাচে মোহাম্মদ মিঠুনও ওয়ানডেতে দ্বিতীয় বার শূন্য রানে আউট হন।
