ঈদে দূরপাল্লার পরিবহন বন্ধ ছিল তবু দুর্ঘটনায় নিহত ৩৩১

আপডেট : ২৩ মে ২০২১, ২১:২১

বিশেষ প্রতিনিধি

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এবারের ঈদে যান চলাচলে বিধিনিষেধ আরোপিত থাকলেও ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনার সংখ্যা ৩১৮টি। এতে নিহত হয়েছেন ৩৩১ এবং আহত হয়েছেন ৬২২ জন। সড়ক দুর্ঘটনায় শীর্ষে আছে মোটরসাইকেল। গতকাল রবিবার জাতীq প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০২১ প্রকাশ করেন বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক।

তিনি বলেন, ঈদের ছুটি শুরুর দিন ৭ মে থেকে ঈদ শেষে কর্মস্থলে ফেরা ২১ মে পর্যন্ত ১৫ দিনে ৩১৮টি সড়ক দুর্ঘটনায় ৩৩১ জন নিহত, আহত হয়েছেন ৬২২ জন। উল্লেখিত সময়ে রেলপথে দুইটি ঘটনায় দুই জন নিহত হয়েছে। নৌপথে তিনটি দুর্ঘটনার ছয় জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। এবারের ঈদে ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত, ১৯৯ জন আহত হয়েছেন। যা মোট সড়ক দুর্ঘটনার ৪৫ দশমিক ২৮ শতাংশ।

 অনুষ্ঠানে সংগঠনের মহাসচিব মোজাম্মেল হক বলেন, লকডাউনের কারণে মানুষের যাতায়াত সীমিত হলেও গণপরিহন বন্ধ থাকার সুযোগে সড়কে ব্যক্তিগত যান বিশেষ করে প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল, অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা, ট্রাক-পিকআপ ও কাভার্ড ভ্যানে গাদাগাদি করে যাতায়াতের কারণে এবারের ঈদে সড়কে দুর্ঘটনা ও প্রাণহানি দুটোই বেড়েছে।