মহামারিতে নারীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত

আপডেট : ২৩ মে ২০২১, ২১:২৩

মহিলা পরিষদের অনলাইন আলোচনা

 ইত্তেফাক রিপোর্ট

নারীর উপর কোভিড-১৯ এর প্রভাববিষয়ক গবেষণা দেখা যায়, মহামারিতে নারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন সবচেয়ে বেশি। সানেমের ২০২০-২০২১ সালে করা বিভিন্ন জরিপের ফলাফল অনুসারে শ্রমবাজার, স্বাস্থ্য, শিক্ষা, জেন্ডার ভিক্তিক সহিংসতায় নারীদের অবস্থান বিশ্লেষণ করে দেখা গেছে, শ্রমবাজারে নারীরা বেশি কাজ হারিয়েছেন। বক্তারা বলেন, নারীর ক্ষমতায়নে বাজেট কতটা টেকসইভাবে কার্য়কর হচ্ছে সেটির মূল্যায়নে পরিবীক্ষণের ওপর জোর দিতে হবে।

গতকাল রবিবার বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ‘নারীর ওপর কোভিড-১৯ এর প্রভাব এবং আসন্ন জাতীয় বাজেট’বিষয়ক অনলাইন আলোচনাসভায় বক্তারা এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু। মূল বক্তব্য উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের গবেষণা পরিচালক  ড. সায়মা হক বিদিশা। সভায় আলোচক ছিলেন সানেমের নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য শরমিন্দ নিলোর্মী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সিনিয়র রিসার্চ ফেলো ড. নাজনীন আহমেদ এবং ডিবিসি চ্যানেলের বার্তা বিভাগে প্রধান প্রণব সাহা।

মূল প্রবন্ধে ড. সায়মা হক বিদিশা বলেন, আয়-ব্যয়ে নারীপ্রধান পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। শিক্ষায় ঝরে পড়ার বিষয়টি উপেক্ষা করা যায় না। বাল্যবিবাহ বেড়েছে। অনলাইন ক্লাস  ইতিবাচক হয়েছে তা বলা যাবে না।