ঢাকা উত্তর সিটি করপোরেশন সমীপে

আপডেট : ২৩ মে ২০২১, ২১:৩০

ঢাকা শহরের অধিকাংশ রাস্তা খানাখন্দে পূর্ণ। বিশেষ করে যে রাস্তায় মেট্রো রেলের কাজ চলছে, সে রাস্তার দুরবস্থা তো বলাই বাহুল্য। সেখানে রাস্তা সংস্কারের পরিবর্তে ঢাকা উত্তর সিটির মিরপুর ১০ ও ২ নম্বর সেকশনে অক্ষত আইল্যান্ড ভেঙে নতুন করে বুক সমান উঁচু আইল্যান্ড নির্মাণ করা হচ্ছে! প্রায় এক কিলোমিটার পর পর রাস্তা পারাপারের ব্যবস্থা রাখা হয়েছে। ফলে পথচারীদের অনেক পথ ঘুরে রাস্তা পার হতে হচ্ছে। আমাদের দেশ ঘনবসতিপূর্ণ এবং অধিকাংশ নগরবাসী গাড়িতে চড়েন না। এ শহরে  রিকশা চলে। রিকশাঅলারা এত পথ না ঘুরে আইন ভেঙে ওয়ান ওয়েতে রংসাইড দিয়ে চলাচল করে। এতে যানচলাচল ব্যাহত হয়ে দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। পরিশেষে, মিরপুরে অক্ষত আইল্যান্ড পুনঃনির্মাণ বন্ধ রেখে অগ্রাধিকার ভিত্তিতে রাস্তার উন্নয়ন এবং ১০০ মিটার পরপর পথচারী ও রিকশা পারাপারের ব্যবস্থা করার জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রতি অনুরোধ করছি।

মো. আলী হায়দার

ঢাকা