এক দিনে ২৮ মৃতের ২০ জনই পুরুষ

আপডেট : ২৩ মে ২০২১, ২১:৫১

দেশে করোনা ভাইরাসে গত একদিনে আরো ২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০ জন পুরুষ ও আট জন নারী। তাদের মধ্যে ১৪ জনের বয়স ৬০ বছরের বেশি, ১০ জনের বয়স ৫১ থেকে ৬০ বছরের মধ্যে, তিন জনের বয়স ৪১ থেকে ৫০ বছর এবং এক জনের বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ছিল। মৃতদের মধ্যে ১০ জন ঢাকা বিভাগের, সাত জন চট্টগ্রাম, তিন জন বরিশাল, পাঁচ জন সিলেট, দুই জন রংপুর এবং এক জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা। এ পর্যন্ত মৃত ১২ হাজার ৩৭৬ জনের মধ্যে ৮ হাজার ৯৪৮ জন পুরুষ ও ৩ হাজার ৪২৮ জন নারী।

এদিকে গত একদিনে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩৫৪ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৭ লাখ ৮৯ হাজার ৮০ জন। আর করোনা ভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে হয়েছে ১২ হাজার ৩৭৬ জন। সরকারি হিসাবে, আক্রান্তদের মধ্যে একদিনে আরো ৮৯৯ জন সুস্থ হয়ে উঠেছেন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৩০ হাজার ৬৯৭ জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৪৮৬টি ল্যাবে ১৫ হাজার ১৮২টি নমুনা পরীক্ষা করা হয়। রবিবার নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৮ দশমিক ৯০ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫৬ শতাংশ।