চীনে প্রচণ্ড ঠান্ডায় ২১ দৌড়বিদের মৃত্যু হয়েছে। তারা ১০০ কিলোমিটার মাউন্টেইন ম্যারাথনে অংশ নিয়েছিলেন বলে গতকাল রবিবার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। শনিবার উত্তর-পশ্চিমাঞ্চলীয় গানসু প্রদেশে এ ঘটনা ঘটেছে। এদিকে দেশটিতে ভিড়ের মধ্যে চলন্ত গাড়ির ধাক্কায় নিহত হয়েছে পাঁচ জন।—খবর রয়টার্সের
চীনের দ্বিতীয় দীর্ঘতম নদী ইয়েলোর একটি বাঁকে আকর্ষণীয় একটি পর্যটন এলাকা থেকে ১০০ কিলোমিটারের ঐ দৌড় প্রতিযোগিতা শুরু হয়েছিল। পথটির প্রস্তরময় একটি অংশে গভীর গিরিখাদও ছিল। গানসু প্রদেশের বাইয়াইন সিটির মুখপাত্র বলেন, ইয়েলো রিভার স্টোন ফরেস্টে অনুষ্ঠিত ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদদের মধ্যে উঁচুতে থাকা দৌড়বিদরা শনিবার দুপুরে হঠাত্ খারাপ আবহাওয়ার মুখে পড়েন। বাইয়াইন সিটির মেয়র ঝং সুচেন বলেন, ম্যারাথনের ২০ থেকে ৩১ কিলোমিটার অংশে ছিলেন তারা। হঠাত্ আবহাওয়া খারাপ হয়ে যায়। মুহূর্তের মধ্যে শিলাবৃষ্টি ও তুষারপাত শুরু হয়। এ সময় ঝোড়ো বাতাসও ছিল। তখন ঐ এলাকার তাপমাত্রা অনেক কমে যায়। তিনি বলেন, তাদের কাছ থেকে সাহায্যের বার্তা পাওয়ার পর দ্রুত সেখানে উদ্ধারকর্মী পাঠানো হয় এবং ১৮ জনের জীবন রক্ষা করা হয়। দুপুর ২টার দিকে আবহাওয়া আরো খারাপ হতে থাকে এবং ম্যারাথন বন্ধ ঘোষণা করা হয়। এরপর সেখানে আরো উদ্ধারকারী দল পাঠানো হয়।
গাড়ির ধাক্কায় পাঁচ জন নিহত
গতকাল দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বন্দর শহর দালিয়ানে ভিড়ের মধ্যে একটি গাড়ি প্রবেশ করে। বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৭ মিনিটে রাস্তা পারাপাররত এক দল লোকের ভিড়ে কালো রঙের একটি সেডান গাড়ি এসে ধাক্কা দিয়ে পালিয়ে যায় এবং ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর আরেক জনের মৃত্যু হয়। আহত আরো পাঁচ জন হাসপাতালে ভর্তি। পরে গাড়িটির চালককে গ্রেফতার করে পুলিশ।
