লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের আমির হোসেন ডিপজলের মালিকানাধীন মেসার্স মদিনা ব্রিক্সের ঝুঁকিপূর্ণ দেয়াল ধসে মো. বেলাল হোসেন (৩০) ও ফারুক হোসে (১৮) নামের আপন দুই ভাইসহ রাকিব হোসেন (২০) নামের আরো এক শ্রমিক নিহত হয়েছে। নিহত দুই ভাই জেলার কমলনগর উপজেলার চরজগবন্ধু গ্রামের আলতাফ মাঝির ছেলে। রাকিবের পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় আরমান হোসেন ও হেলাল হোসেনসহ ১০ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের রামগঞ্জ উপজেলা হাসপাতাল ও লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে রামগঞ্জ উপজেলার ভোলাকোট ইউনিয়নের দেহলা মদিনা ব্রিকফিল্ডের চুল্লির দেয়াল ধসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে রামগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান।
শ্রমিক হেলাল হোসেন জানান, প্রতিদিনের মতো তিনিসহ ফিল্ডের ১৫/২০ জন শ্রমিক চুল্লিতে কাঁচা ইট বসাচ্ছিলেন। হঠাত্ করেই চুল্লির উত্তর পাশের দেয়ালটি ধসে শ্রমিকদের ওপর পড়ে।
