ভোলা জেলার উপকূলের প্রায় তিন লাখ ১৮ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন। জানা গেছে, ভোলায় ঘূর্ণিঝড় ‘যশ’ মোকাবেলায় ১৩ হাজার স্বেচ্ছাসেবক মাঠে কাজ করবে। একইসাথে সাধারণ মানুষকে নিরাপদে নেওয়ার জন্য ৭০৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।
যেখানে মোট ৫ লাখ ৩৬ হাজার মানুষ আশ্রয় গ্রহণ করতে পারবে। এছাড়া প্রশাসনের পক্ষ থেকে ঝুঁকিপূর্ণ ৪০টি স্পট নির্ধারণ করা হয়েছে। যেখান থেকে ৩ লাখ ১৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হবে। রবিবার (২৪ মে) বিকালে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী এ তথ্য জানান।
জেলা প্রশাসক জানান, দুর্যোগ মোকাবেলায় জেলায় মোট ৭৬টি মেডিকেল টিম কাজ করবে। প্রস্তুত রাখা হয়েছে স্যালাইন, ঔষুধসহ অন্যান্য ব্যবস্থা। জেলায় একটি ও সকল উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা থাকবে। এখান থেকে ঝড়ের সব ধরনের তথ্য পাওয়া যাবে। দুর্যোগকে কেন্দ্র করে কেউ যদি গুজব ছড়ায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে।
ইত্তেফাক/এসজেড
