ঘূর্ণিঝড় ‘ইয়াস’: বরিশালে প্রস্তুত প্রায় ৫ হাজার আশ্রয় কেন্দ্র

আপডেট : ২৪ মে ২০২১, ১৭:৫৭

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এর ভয়াবহতা থেকে উপকূলের মানুষের জানমাল রক্ষায় প্রস্তুতি শুরু করেছে বিভাগীয় প্রশাসন। এ লক্ষ্যে বরিশাল বিভাগে প্রস্তুত রাখা হয়েছে চার হাজার ৯১৫টি আশ্রয় কেন্দ্র। যার মধ্যে রয়েছে সাইক্লোন শেল্টার ও শিক্ষা প্রতিষ্ঠান। 

এদিকে ঘূর্ণিঝড়ের সময় জানমালের ক্ষয়ক্ষতি কমাতে সোমবার (২৪ মে) বিভাগীয় প্রশাসনের সভা অনুষ্ঠিত হয়েছে। 

বিভাগীয় কার্যালয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বরিশাল জেলায় এক হাজার ৭১টি আশ্রয় কেন্দ্র, পটুয়াখালীতে ৯২৫টি, ভোলায় ১১শ’ ৪টি, পিরোজপুরে ৭১২টি, বরগুনায় ৬২৯টি এবং ঝালকাঠিতে ৪৭৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এই আশ্রয় কেন্দ্রগুলোতে ২০ লাখ মানুষের পাশাপাশি কয়েক লাখ গবাদি পশুকেও স্থান দেওয়া যাবে। এই আশ্রয় কেন্দ্রে বিশুদ্ধ পানি, শুকনা খাবার ও বিদ্যুতের ব্যবস্থা করতে নির্দেশনা দেয়া হয়েছে। 

বরিশালের বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল জানান, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবেলায় বিভাগের সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য। 
ইত্তেফাক/এমএএম