গোয়ালন্দের দৌলতদিয়ায় পদ্মা নদী থেকে মোট ১৩ কেজি ৫০০ গ্রাম ওজনের দুটি পাঙাশ মাছ ধরা পড়েছে। সোমবার সকাল ১০টার দিকে জেলে নিমাই হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নম্বর ঘাটে মাছ দুটি নিয়ে আসলে ডাকের মাধ্যমে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছ দুটি কিনে নেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। এ বিষয়ে নিমাই হালদার বলেন, সোমবার ভোরের দিকে জালে কোনো একটি কিছু জোরে ধাক্কা মারে। তখনই বুঝতে পারি বড় কোনো মাছ ধরা পড়েছে। অনেকক্ষণ ধরে চার জন মিলে জাল তুলে দেখি বড় দুটি পাঙ্গাস মাছ। মাছ দুটির মোট ওজন ১৩ কেজি ৫০০ গ্রাম। প্রায় দুই মাস পরে বড় কোনো মাছ জালে ধরা পড়ল বলে জানান তিনি। পরে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাটে মাছ দুটি নিয়ে আসলে মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ১৮ হাজার ৯০০ টাকায় কিনে নেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছ দুটি আমি মোট ১৮ হাজার ৯০০ টাকায় কিনেছি। এখন মাছ দুটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করব বলে ঢাকায় যোগাযোগ করছি।
