বিশ্ববিদ্যালয় ও হল খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয় ফটকের সামনে অনুষ্ঠিত ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের শিক্ষার্থী সিকদার মাহবুব বলেন, দীর্ঘদিন বাড়িতে বসে থাকায় আমাদের মধ্যে হতাশা কাজ করছে। পড়াশুনা শেষ না হলে আমাদের ভবিষ্যত্ জীবন অনিশ্চয়তার মধ্যে চলে যাচ্ছে। সেই সঙ্গে আর্থিক সংকটেরও আশঙ্কা তৈরি হচ্ছে। এই মুহূর্তে আমাদের একটাই দাবি—বিশ্ববিদ্যালয় ও হল খুলে দিতে হবে।
