ভূঞাপুরে যমুনা নদীতে জেগে ওঠা চর অবৈধভাবে কেটে ট্রাকযোগে বিক্রির দায়ে দুই জনক বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দিনব্যাপী অভিযান চালানোর পর রাতে উপজেলা ভূমি কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতে আসামিদের জেল-জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনি। কালিহাতী উপজেলার পুংলী গ্রামের মোমিনুল ইসলাম ও দেলদুয়ার উপজেলার দোভাই গ্রামের ওয়াজেদ মিয়াকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং উপজেলার জিগাতলা গ্রামের রঞ্জু মিয়াকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল রনি জানান, অভিযানে দুই জনকে আটকসহ পাঁচটি এক্সকাভেটর মেশিন ও ১৯টি ড্রামট্রাক জব্দ করা হয়। পরে দুই জনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং জব্দকৃত ট্রাক ও এক্সকাভেটরের জন্য রঞ্জুকে আড়াই লাখ টাকা জরিমানা করে সেগুলো ছেড়ে দেওয়া হয়।
