টাঙ্গাইলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা। সোমবার টাঙ্গাইল শহরের নিরালা মোড় কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন শিক্ষার্থী সানজিদা মিম, ফাতেমা রহমান বিথী, ইভানা জামান খান ঐশী প্রমুখ। বক্তারা বলেন, এক বছরের বেশি সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। দেশে সব কিছু চালু হলেও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হচ্ছে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা এখন সময়ের দাবি। অন্যদিকে চাকরি স্থায়ীকরণের দাবিতে একই দিনে অবস্থান কর্মসূচি পালন করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এডহক ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত তৃতীয় শ্রেণির কর্মচারীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ অবস্থান কর্মসূচি পালিত হয়। বক্তব্য রাখেন মো. আব্দুল্লাহ আল মামুন ও এস এম মাহফুজুর রহমান। বক্তারা বলেন, আমরা দীর্ঘ ২২ মাস যাবত্ এডহক ভিত্তিতে চাকরিতে কর্মরত আছি। বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাকরি স্থায়ীকরণের দাবি জানিয়ে আসলেও তারা শুধু আশ্বস্ত করেছেন, কিন্তু উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ নেননি। অনেকটা বাধ্য হয়েই আমরা অবস্থান কর্মসূচি নিয়েছি।
