সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দেশের শেয়ারবাজারে মূল্য সূচকের বড় উত্থান হয়েছে। সেই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ। গতকাল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন বেড়ে ১৮০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে। গতকাল দিনশেষে লেনদেন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৫৫ পয়েন্ট কমে ৫ হাজার ৮৪২ পয়েন্টে উঠে এসেছে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইর শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৭২ পয়েন্টে অবস্থান করছে।
সবকটি মূল্য সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান। বাজারটিতে দিনভর লেনদেনে অংশ নেওয়া ২৪১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৬টির এবং ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে।
এদিকে সূচকের উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। দিনভর লেনদেন হয়েছে ১ হাজার ৮২০ কোটি ৭ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ১ হাজার ৪৮৫ কোটি ৯৯ লাখ টাকা। সে হিসাবে লেনদেন বেড়েছে ৩৩৪ কোটি ৮ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ১৩৮ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পাইওনিয়ার ইনসিওরেন্সের ৫৪ কোটি ৬২ লাখ টাকার লেনদেন হয়েছে। ৫৪ কোটি ৪ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এনআরবিসি ব্যাংক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—সাইফ পাওয়ার, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ফিড, লঙ্কাবাংলা ফাইন্যান্স, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রিপাবলিক ইনসিওরেন্স এবং জিনেক্স ইনফোসিস।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই বেড়েছে ১৭৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৯৮ কোটি ৫৮ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৯৪টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯৯টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৬৫টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।
