পলিথিনের বিকল্প

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৩১

পরিবেশদূষণের উপাদানের মধ্যে পলিথিন অন্যতম। পলিথিনের প্রধান উপাদান ইথিলিন যা পরিবেশের জন্য মোটেই উপযোগী নয়। আশির দশকে প্রথম বাজারে পলিথিন আসে। ২০১৭ সালের হিসাব অনুযায়ী, প্রতি বছর ১০০ মিলিয়ন টন পলি-ইথিলিন রেজিন উত্পাদিত হচ্ছে। পলিথিন মাটিতে গেলে ক্ষয় হয় না এবং মাটির সঙ্গে মেশে না। এটি মাটির গুণগত মান নষ্ট করে এবং মাটির উর্বরতা শক্তি বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে। পলিথিন পানিকে দূষিত করে এবং পানির জলজ প্রাণীর স্বাভাবিক জীবন ব্যাহত করে থাকে। শহরাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টিতেও প্রধান একটি কারণ এই পলিথিন। ২০০২ সালের জানুয়ারি থেকে এর উত্পাদন, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ করা হলেও তা কার্যকর হয়নি। বর্তমানে পলিথিনের ব্যবহার আগের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। পলিথিনের এই অবাধ ব্যবহার রোধ করতে না পারলে অদূর ভবিষ্যতে পরিবেশ এবং জন-জীবনের ওপর এর বিরূপ প্রভাব পড়বে। তাই পলিথিনের বিকল্প পণ্য সহজলভ্য করতে প্রশাসন এবং সচেতন মহলকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।

মো. মিজানুর রহমান

শিক্ষার্থী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়