প্রতি দুই বছর অন্তর ফিফা বিশ্বকাপ

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৩৪

 ‘ফিফা যদি দুই বছর পর বিশ্বকাপ আয়োজন করে, তাহলে সেটা ভালো হবে না। এখানে টাকার বিষয়টি গুরুত্ব দিলেই হবে না, খেলার মানেরও ব্যাপার থাকে। খেলোয়াড়দের বিশ্রামের বিষয় রয়েছে।’

বিশ্বকাপ ফুটবল আয়োজন হয়ে থাকে চার বছর পর পর। তবে ফুটবল বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা নতুন করে ভাবতে চাইছে বিশ্বকাপ আয়োজন নিয়ে। তাদের নতুন ভাবনায় এসেছে, দুই বছর পর পর বিশ্বকাপ আয়োজন করা যায় কি না। গত শুক্রবার ফিফার বার্ষিক সভায় এমন প্রস্তাব তুলেছে সৌদি অ্যারবিয়া ফুটবল ফেডারেশন। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই প্রস্তাবকে সাধুবাদ জানিয়েছেন। দুই বছর পর পর বিশ্বকাপ হওয়ার বিপক্ষ বাংলাদেশের সাবেক তারকা স্ট্রাইকার শেখ মো. আসলাম। তিনি বলেন, ‘ফিফা যদি দুই বছর পর বিশ্বকাপ আয়োজন করে, তাহলে সেটা ভালো হবে না। এখানে টাকার বিষয়টি গুরুত্ব দিলেই হবে না, খেলার মানেরও ব্যাপার থাকে। খেলোয়াড়দের বিশ্রামের বিষয় রয়েছে।’

ফিফার বার্ষিক সভায় প্রস্তাবটি উত্থাপনের সময় সৌদি আরব ফুটবলের সভাপতি ইয়াসের আল মিসেহাল বলেন, ‘আমরা বিশ্বাস করি ভবিষ্যতে ফুটবল আরো কঠিন যুগসন্ধিক্ষণের মুখোমুখি হতে যাচ্ছে। অনেক বিষয়েরই মুখোমুখি হয়েছে ফুটবল, যা চলমান মহামারির কারণে আরো জোরদার হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বৈশ্বিক এই খেলাটার গঠন পুনর্বিবেচনা এবং ভবিষ্যতে এর জন্য সবচেয়ে ভালো সিদ্ধান্ত কী হতে পারে তা নিয়ে বিবেচনার সময় চলে এসেছে বলে মনে করি আমরা। বর্তমানে যে চার বছরের একটা চক্র চলছে, ফুটবলের দুটো প্রতিযোগিতা পরিচালনা ও বাণিজ্যিক দিক  থেকে সেটাই সর্বোত্তম কি না, তা নিয়েও ভাবতে হবে।’ ইয়াসেরের এই প্রস্তাবের পক্ষে মিলেছে দারুণ সাড়া। উপস্থিত ১৮৮টি দেশের মধ্যে ১৬৬টি দেশের হ্যাঁ ভোট পড়েছে এর পক্ষে। বিপক্ষে গিয়েছে মাত্র ২২টি ভোট।