অন্তত একটি প্রস্তুতি ম্যাচের অভাব অনুভব করছেন গোলকিপার জিকো

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৩৫

সৌদি আরবে না যেতে পারা জাতীয় ফুটবল দল গতকাল সকালে আবার সেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে। একাধিক ফুটবলার আসেননি অনুশীলনে। বলা হচ্ছিল বিশ্রামে রয়েছেন। যারা আসেননি তারা নাকি সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিতে গিয়ে ঘুমাতে পারেননি। তাই অনুশীলনে আসেননি।

গতকাল সৌদি আরব যেতে না পারা জাতীয় দলের গোলরক্ষক বসুন্ধরা কিংসের আনিসুর রহমান জিকো বলেন, ‘আসলে এটা নতুন কিছু নয়। করোনা পরিস্থিতির কারণে এমন হচ্ছে। এর আগে আমরা এএফসি কাপে যাবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। কিন্তু এএফসি ম্যাচ স্থগিতের খবর জানায়। সৌদি থেকে কোয়ারেন্টাইনের চিঠিটা এখনো পায়নি ফেডারেশন। এ কারণেই আমাদের যাওয়া হলো না। যেহেতু আমাদের এয়ারপোর্টে যাওয়া হয়নি, তাই অনুশীলন করেছি।’

কাতারে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ জুন আফগানিস্তান, ৭ জুন ভারত এবং ১৫ জুন ওমানের বিপক্ষে ই গ্রুপে বাংলাদেশের খেলা। সৌদির আবহাওয়া অনেকটাই কাতারের মতো হওয়ায় সেখানে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে বাংলাদেশ দলের জন্য অনেক উপকার হতো বলে মনে করছেন এই গোলরক্ষক, ‘সেখানে গিয়ে অন্তত একটি প্রস্তুতি ম্যাচ খেলতে পারলেও সেটি আমাদের উপকারে আসতো। কারণ সৌদি আরব আর কাতারের কন্ডিশন অনেকটাই এক।’

শেষ মুহূর্তে জানা গেল সৌদি আরব যাওয়া হচ্ছে না। যাওয়া হবে কি না এটাও এখনো নিশ্চিত না। এমন দোটানার প্রভাব দলের ওপর পরবে কি না জানতে চাইলে জিকো বলেন, ‘দেখুন আমাদের মূল একাদশের চার-পাঁচ জন ইনজুরিতে। এটা একটা প্রভাব ফেলবে। যদি কাতার গিয়ে আগেই অনুশীলন করতে পারতাম আমাদের জন্য ভালো হতো। কিন্তু করোনার জন্য সেটাও তো সম্ভব হচ্ছে না। যেহেতু করোনা পরিস্থিতি। এটাতো আমাদের অবশ্যই মেনে নিতে হবে।’