ঘুরে দাঁড়ানোর আশায় শ্রীলঙ্কা

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৩৬

প্রথম ওয়ানডে হারলেও অনেক ইতিবাচক বিষয় ছিল সফরকারীদের জন্য। বিশেষ করে রান তাড়া করতে নেমে ১০২ রানে ৬ উইকেট হারানোর পরও শ্রীলঙ্কা দারুণ লড়াই করেছিল। ২৫৮ রানের টার্গেটে খেলে হাসারাঙ্গার অনবদ্য ব্যাটিংয়ে শেষ পর্যন্ত ৩৩ রানে ম্যাচ হেরেছিল কুশল পেরেরার দল। লড়াইয়ের সেই আত্মবিশ্বাসকে কাজে লাগিয়ে আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াতে চায় লঙ্কানরা।

অধিনায়ক কুশল পেরেরা বলেছেন, ‘আমাদের হাতে আর দুটি ম্যাচ আছে। আমাদের শক্তভাবে ফিরে আসতে হবে।’

প্রথম ওয়ানডেতে টপঅর্ডারে কেউই শ্রীলঙ্কার ভরসা হতে পারেননি। কয়েকটি মাঝারি ইনিংস ছিল বটে, ইনিংস বড় করতে পারেননি গুণাথিকালা, কুশল মেন্ডিসরা। মিরাজের ঘূর্ণিতে নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। হাসারাঙ্গা উইকেটে এসেই বাংলাদেশের চাপের বাঁধন ভেঙে দেন। আক্রমণাত্মক ব্যাটিংয়ে রান তুলেন তিনি। ৩১ বলেই হাফ সেঞ্চুরি করেন তিনি। উদানাকে নিয়ে ৬২ রানের জুটি গড়েছিলেন। তবে শেষ রক্ষা হয়নি। সাইফউদ্দিনের বলে আফিফের হাতে ক্যাচ দেওয়ার আগে ৬০ বলে ৭৪ রানের ইনিংস খেলেন হাসারাঙ্গা। পরে ২২৪ রানে অলআউট হয় সফরকারীরা। হারলেও হাসারাঙ্গার ব্যাটিং থেকে ইতিবাচক দিক খুঁজছেন শ্রীলঙ্কার অধিনায়ক। রবিবার রাতে কুশল পেরেরা বলেছেন, ‘পরাজিত দল হিসেবে শেষ করাটা ভালো কিছু নয়। কিন্তু এখানে অনেক ইতিবাচক দিক রয়েছে। আমরা ভালো বোলিং করেছি। বাংলাদেশ খুব ভালো দল, আমাদের বোলাররা অনভিজ্ঞ। তারপরও ওরা তাদের ২৫৭ রানে বেঁধে রেখেছিল। হাসারাঙ্গা অসাধারণ, সে নিজের শক্তির ওপর বিশ্বাস রেখেছে, এসব কন্ডিশনে ১০ ওভার বোলিংও করেছে, দুর্দান্ত প্রচেষ্টা। টপঅর্ডার ব্যাটসম্যানদের ৩০-৩৫ ওভার পর্যন্ত ব্যাটিং করতে হবে।’

দ্বিতীয় ওয়ানডে হারলেই সিরিজটা খোয়াবে শ্রীলঙ্কা। তিন ম্যাচের সিরিজে টিকে থাকতে আজ সেরাটা দিতে মুখিয়ে থাকবে লঙ্কানরা।