শিক্ষাপ্রতিষ্ঠান অবিলম্বে খুলে দেওয়ার দাবিতে গাজীপুরে মানববন্ধন করেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। গতকাল সকালে গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় গাজীপুরের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় দেড় ঘণ্টা ধরে এ কর্মসূচিতে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকার ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সোহেল আহমেদের সভাপতিত্ব করেন। বক্তারা আগামী ১ জুনের মধ্যে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচির ঘোষণা করা হবে।
