বকেয়া হোল্ডিং কর ১৫ শতাংশ মওকুফের ঘোষণা ডিএনসিসির

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৪২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, করোনা বিবেচনায় বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে। গতকাল সোমবার দুপুরে গুলশানের নগর ভবনে রাজস্ব আদায়সংক্রান্ত এক আলোচনাসভায় তিনি এ ঘোষণা দেন। মেয়র বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় করদাতাগণের হোল্ডিং কর প্রদানের সুবিধার্থে সমুদয় বকেয়া হোল্ডিং করসহ অর্থাত্ ২০২০-২১ অর্থবছরের চার কিস্তি ৩০ জুন পর্যন্ত  তারিখের মধ্যে একত্রে পরিশোধ করলে বকেয়া হোল্ডিং করের ওপর আরোপিত ১৫ শতাংশ সারচার্জ মওকুফ করা হবে। হোল্ডিং কর আদায়ের সুবিধার্থে রাজস্ব বিভাগের আঞ্চলিক কার্যালয়সমূহ সরকারি ছুটির দিন (শনিবার) খোলা থাকবে।