ক্ষমা চেয়ে জরিমানা থেকে বাঁচলেন আইনজীবী ইউনূস

আপডেট : ২৪ মে ২০২১, ২১:৪৩

হাইকোর্টে ক্ষমা চেয়ে জরিমানা দেওয়ার হাত থেকে রক্ষা পেলেন আইনজীবী ইউনূস আলী আকন্দ। ১০ হাজার টাকা জরিমানা মওকুফ করে তার দায়েরকৃত রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়েছে আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গতকাল সোমবার এ আদেশ দেয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে সরকার সারা দেশে লকডাউন ঘোষণা করে। এই লকডাউনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ইউনূস আলী আকন্দ। কিন্তু রিটের শুনানিতে হাজির না হওয়ায় তাকে ১০ হাজার টাকা জরিমানা করে হাইকোর্ট। একই সঙ্গে আবেদনটি খারিজ করে দেয়। এরপর হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে হাজির হয়ে ক্ষমা চান এই আইনজীবী। তিনি বলেন, আদালতের জুম আইডি পরিবর্তন হওয়ায় ঐদিন শুনানিতে হাজির হতে পারেনি। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা চাচ্ছি। একই সঙ্গে আদালতে লিখিত আবেদন দাখিল করেন। গতকাল হাইকোর্ট আবেদনটি আংশিক মঞ্জুর করে তাকে ক্ষমা করে দেয়।