কালীগঞ্জে বাড়ির উঠানে বিদ্যুতের তারে ভেজা কাপড় শুকাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্টে নাজমা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় মাকে বাঁচাতে গিয়ে মেয়ে ফাতেমা বেগম আহত হন। রবিবার রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের জামালপুর গ্রামে এ ঘটনা ঘটে। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ওসি এ কে এম মিজানুল হক। নিহত নাজমা উপজেলার জামালপুর এলাকার মো. আল-আমিন হোসেন মোড়লের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে তীব্র গরমে অতিষ্ঠ হয়ে গোসল করেন নাজমা। গোসলের পর ভেজা কাপড় বাড়ির উঠানে থাকা বিদ্যুতের তারে শুকাতে দিতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মায়ের চিত্কার শুনে মাকে বাঁচাতে গিয়ে মেয়ে ফাতেমাও বিদ্যুত্স্পৃষ্ট হন। পরে বাড়ির লোকজন তাদের দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক নাজমা বেগমকে মৃত ঘোষণা করেন।
