চাঁপাইনবাবগঞ্জে আজ থেকে সাত দিনের কঠোর লকডাউন

আপডেট : ২৪ মে ২০২১, ২২:২৫

হঠাত্ করেই করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় নতুন করে ৫২ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া রবিবার ছয় জন মারা যান বলে জানা যায়। যাদের সবাই ছিলেন ভারতফেরত।

জানা যায়, রবিবার ভারত থেকে ফেরত আসাদের মধ্যে রাজশাহী হাসপাতালে ১০ জন মারা যান। এদের বেশির ভাগই চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এছাড়া রাজশাহীর পিসিআর ল্যাবে পাঠানো ৯৫ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ অবস্থায় জেলার করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সোমবার জেলা প্রশাসনের জরুরি বৈঠকে মঙ্গলবার থেকে আগামী সাত দিন চাঁপাইনবাবগঞ্জে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দেওয়া হয়। লকডাউন চলাকালে সংবাদপত্র, রোগী বহনকারী গাড়ি ও পণ্যবাহকী যানবাহন চলাচল করবে। তবে ট্রেনসহ দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করবে না। এমনকি দেশের অন্য কোনো স্থান থেকেও যানবাহন এই জেলায় প্রবেশ করতে পারবে না বলে সভায় সিদ্ধান্ত হয়। এছাড়াও শহরের পুরাতন বাজারের আমবাজারের কার্যক্রম স্বাস্থ্যবিধি মেনে নতুন স্টেডিয়ামে এবং কাঁচাবাজার পুরাতন স্টেডিয়ামে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জেলার শিবগঞ্জ উপজেলার অনেক মানুষ সর্দি-জ্বরে আক্রান্ত হলেও করোনা আতঙ্কে নমুনা পরীক্ষা না করিয়ে অসুস্থ শরীরেই অবাধে চলাচল করায় করোনা দ্রুত ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হয়। তবে সচেতনতার অভাবে এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে এবং করোনা নিয়ন্ত্রণে আরো এক সপ্তাহ সময় লাগতে পারে বলে জানান সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরী।

 প্রসঙ্গত, জেলার ২৫০ শয্যার হাসপাতালের করোনা ওয়ার্ডে ১৯ জন করোনা রোগী চিকিত্সা নিচ্ছেন। এ পর্যন্ত মোট ১ হাজার ২৭৫ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর মারা গেছে ২৫ জন।