সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাত পরিচয় (২৩) এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার গভীর রাতে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার ভাড়া বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
বাড়ির মালিক শামসুন্নাহার বলেন, গত ১৯ মে বাসা ভাড়া নেয় ঐ যুবক। এ সময় ভাড়াটিয়া ফরম পূরণ করে জমা দিতে বললে আগামী ১ জুন সে তার স্ত্রীসহ বাসায় উঠে ভাড়াটিয়া ফরম পূরণ করে দেবে জানিয়ে ঐ দিন থেকেই বাসায় থাকতে শুরু করে। এর পরের দিন বন্ধু পরিচয়ে আরো চার যুবক ঐ কক্ষে আসে এবং তারা এক সঙ্গেই ছিলেন। এক পর্যায়ে শনিবার ভোরে তারা দরজায় তালা দিয়ে কাউকে কিছু না বলেই চলে যায়। রবিবার রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা কক্ষের জানালায় উঁকি দিলে ভেতরে মরদেহটি দেখতে পায়। বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে মরদেহটি উদ্ধার করে।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাসিব শিকদার বলেন, তার গলায় রশি প্যাঁচানো ছিল এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে ।
