টানা এক সপ্তাহ গুমোট গরম ও দাবদাহে রাজধানীতে অনেকটা হাঁসফাঁস অবস্থা হয়েছিল জনজীবনে। দিনে-রাতে চরম অস্বস্তিকর কাটছিল। অবশেষে গতকাল রাতে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ায় স্বস্তি নেমেছে নাগরিক প্রাণে। এক ঘণ্টার টানা বৃষ্টি আর বাতাসের কারণে রাজধানীর তাপমাত্রা সহনীয় পর্যায়ে নেমে আসে। আবহাওয়া অধিদপ্তর গতকাল সোমবার রাতে জানায়, রাঝধানীতে বৃষ্টিপাত চলাকালে ১ মিনিট স্থায়ী বয়ে যাওয়া কালবৈশাখীর সময় বাতাসের গতি ছিল ঘণ্টায় ৫২ কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রাজধানীর এই বৃষ্টির সঙ্গে অবশ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্পর্ক নেই। মূলত টানা দাবদাহের ফলে স্থানীয়ভাবে আকাশে তৈরি হওয়া মেঘমালার কারণে এই বৃষ্টিপাত। আজ মঙ্গলবারও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বজ পাত ও কালবৈশাখী হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী, শুধু রাজধানীতেই নয়, চট্টগ্রাম থেকে শুরু করে কুমিল্লা হয়ে রাজধানী পর্যন্ত বিস্তীর্ণ এলাকাজুড়ে বৃষ্টি হয়েছে। কাল বুধবার থেকে টানা বৃষ্টি শুরু হতে পারে। ফলে আপাতত দেশের বেশির ভাগ এলাকা থেকে তাপপ্রবাহ বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
