নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ফতেহপর গ্রামের আজম নগর পপুলার বিস্কুট ফ্যাক্টরি সংলগ্ন মেঘনা ব্রিক ফিল্ডের একটি পরিত্যক্ত লেবার সেড থেকে গত ২০২০ সালের ৩০ অক্টোবর উদ্ধারকৃত কঙ্কালের ডিএনএ পরীক্ষার মাধ্যমে দীর্ঘ প্রায় সাত মাস পর পরিচয় শনাক্ত হয়েছে।
সেনবাগ থানা পুলিশ জানায়, শনাক্ত করা ব্যাক্তির নাম ইব্রাহিম প্রকাশ রনি (১৬)। তার বাড়ি পার্শ্ববর্তী বেগমগঞ্জ উপজেলার রসুলপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের বাহার আলীর পুত্র।
মঙ্গলবার (২৫ মে) ইত্তেফাককে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতের মৃধা জানান, উদ্ধারকৃত লাশের ডিএনএ পরীক্ষায় নিখোঁজ রনির পিতা বাহার আলীর ডিএনএ হুবহু মিলে যায়। নিখোঁজের বিষয়ে বিগত ২০২০ সালের ২২ সেপ্টেম্বর রনির ভাই আল আমিন বেগমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়রি করেন। এ নিয়ে ২০২০ সালের ১ নভেম্বর দৈনিক ইত্তেফাকে একটি রিপোর্টও প্রকাশিত হয়।
সেনবাগ থানার ওসি আরো জানান, কঙ্কাল উদ্ধারের পর নিখোঁজ রনির পিতা বাহার আলী বাদি হয়ে অজ্ঞাত ব্যাক্তিকে আসামি করে বিগত ২০২০ সালের ৩১ অক্টোবর সেনবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কি কারণে এমন নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা উদঘাটনরে জন্য নানামুখী চেষ্টা চলছে বলে ওসি জানান।
ইত্তেফাক/এসজেড
