বনশালির ড্রিম প্রজেক্টে ডাকাত-রানি দীপিকা!

আপডেট : ২৫ মে ২০২১, ২০:২৬

কখনো লীলা, কখনো বাজিরাওয়ের মাস্তানি আবার কখনো চিতোরের রানী পদ্মাবতীর চরিত্রে দেখা গেছে বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। সবগুলোতেই অসাধারণ অভিনয় নজর কেড়েছিল সিনেপ্রেমীদের। এবার পরিচালক পরিচালক সঞ্জয় লীলা বনশালির ড্রিম প্রজেক্ট বৈজু বাওরাতে ডাকাত-রানি রূপমতীর চরিত্রে দেখা যাবে দীপিকাকে। ছবিটি নিয়ে নাকি অভিনেত্রীর সঙ্গে বেশ কয়েকদফা আলোচনা হয়েছে বনশালির।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বৈজু বাওরার কথা যখন প্রথম পরিচালকের মাথায় আসে, তখন থেকেই তিনি দীপিকার কথা ভেবেছিলেন। যদিও এই নিয়ে অভিনেত্রীর চুক্তি সাক্ষর করেননি নির্মাতা। তবে প্রি-প্রোডাকশনের কাজ পুরোপুরি ভাবে সম্পন্ন হলেই প্রযোজক এবং পরিচালক মিলে দীপিকার সঙ্গে চুক্তি সাক্ষর করে নেবেন বলে জানা গিয়েছে।

ছবিতে ডাকাত-রানি রূপমতীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। তবে বৈজু বাওরাতে দীপিকা ছাড়া আর কোন কোন অভিনেতা থাকবেন, সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। একটা সময় অবশ্য শোনা গিয়েছিল বৈজু চরিত্রে নাকি অভিনয় করতে দেখা যাবে অভিনেতা রণবীর কাপুরকে। কিন্তু তিনি পরে একটি সাক্ষাৎকারে এটি গুজব বলে উড়িয়ে দেন।

ছবিতে আকবর, তানসেন, গৌরীর মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ চরিত্র রয়েছে। কিন্তু এই চরিত্রগুলোর কাস্টিং এখনো ফাইনাল হয়নি। কাস্টিং এবং চিত্রনাট্যসহ প্রি-প্রোডাকশনের কাজ শেষ হলে ২০২২-এর মাঝামাঝি সময় থেকে শুরু হবে এই সিনেমার শুটিং।

ইত্তেফাক/বিএএফ