এইচএসসি পরীক্ষা প্রস্তুতি
মো. কবির হোসেন (সুজন)
প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ, ঢাকা।
১৩। প্রত্যক্ষ সেবা বলতে কী বোঝায়?
উত্তর:গ্রাহকদের প্রয়োজন পূরণে সামর্থ এমন কোন কাজ, সুবিধা বা তৃপ্তিকে প্রত্যক্ষ সেবা বলা হয়।
মুনাফা অর্জনের উদ্দেশ্যে কাজ বা সুবিধাকে বিক্রয়ের জন্য উপস্থাপন করা নি:সন্দেহে ব্যবসায়ের গুরুত্ব্পূর্ণ অঙ্গ। পণ্য বিক্রয়ের ক্ষেত্রে তা যেভাবে দৃশ্যমান হয়ে থাকে এবং মালিকানা হস্তান্তরিত হয়, সেবার বেলায় তাকে সেভাবে সংজ্ঞায়িত করা যায় না। এক্ষেত্রে গ্রাহক সেবা পেয়েই উপকৃত হয়, তৃপ্ত হয় বা সন্তুষ্ট হয়। পণ্যের মতো এর মালিকানা হস্তান্তরিত করা যায় না বা বিক্রয় করা যায় না। একজন লোক ৫ টাকা দিয়ে বাসে করে আসলে এর থেকে সে যে সুবিধা বা তৃপ্তি পেয়েছে তা হলো প্রত্যক্ষ সেবা।
১৪। পর্যায়িতকরণ বলতে কী বোঝায়?
উত্তর:পণ্যের ওজন, আকার, রং ও গুণাগুণ ইত্যাদি বিবেচনায় নিয়ে পণ্যের মান অনুযায়ী পণ্যকে আলাদা আলাদা ভাগে বিভাজনের কার্যকে পর্যায়িতকরণ বলা হয়। এতে একটি নির্দিষ্ট মান অনুযায়ী পণ্যকে বিভাজন করা হয়। যেমন রাজশাহীর বাগান থেকে আম কিনে এনে এই আমের আকার, রং, গন্ধ ও সাধ অনুযায়ী আমকে বিভিন্ন ভাগে ভাগ করে আলাদা আলাদাভাবে প্যাকেটজাত করা বা মুড়কীকরণের কাজকে পর্যায়িতকরণ বলা হয়। এতে পণ্যের মান, গুণাগুণ, প্রকারভেদ অনুযায়ী পণ্যকে আলাদা করে উপস্থাপন করা হয়।
১৫। প্রাকৃতিক পরিবেশ বলতে কী বোঝায়?
উত্তর:একটি দেশের ভূ-প্রকৃতি, মৃত্তিকা, জলবায়ু, সাগর, নদনদী, প্রাকৃতিক সম্পদ, দেশীয় অবস্থান ও আয়তন, পাহাড় পর্বত, খনিজ সম্পদ, বনজ সম্পদ, প্রাণীজ সম্পদ প্রভৃতিকে একত্রিত করে যে পরিবেশ গড়ে ওঠে তাকে প্রাকৃতিক পরিবেশ বলে।
স্থান এবং কালভেদে পৃথিবীর বিভিন্ন দেশের প্রাকৃতিক পরিবেশ বিভিন্ন ধরণের হয়ে থাকে। এই সকল উপাদানের পার্থক্য হেতু দেশের ব্যবসায় কার্যকলাপও ভিন্নতর হয়ে থাকে। এই ভিন্নতার কারণে বাংলাদেশে পাটশিল্প, তৈরি পোশাকশিল্প, চিংড়ি শিল্প, একসময়ে মসলিন শিল্প, নরওয়েতে মত্স শিল্প, কুয়েতে পেট্রোলিয়াম শিল্প গড়ে উঠেছে। এ ছাড়াও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আবহাওয়া ও ভূ-প্রকৃতির ভিন্নতার কারণে ভিন্ন ভিন্ন পরিবেশ দেখা যায়।
